ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৭ মাস দায়িত্ব পালনের পর হঠাৎ আওয়ামী তকমা দিয়ে প্রাণিসম্পদের ডিজির বিরুদ্ধে মানববন্ধন

৭ মাস দায়িত্ব পালনের পর হঠাৎ আওয়ামী তকমা দিয়ে প্রাণিসম্পদের ডিজির বিরুদ্ধে মানববন্ধন
×
×

মঞ্চ ২৪ নামে একটি সংগঠনের মানববন্ধন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৬:৪৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করার কথা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের। আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের সাবেক বাণিজ্যমেলার মাঠে শুরু হবে তিন দিনব্যাপী এ আয়োজন। এর এক দিন আগে আজ বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪ নামে একটি সংগঠন। মানববন্ধনে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। তবে প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহের কর্মসূচিকে বিতর্কিত করতে এই মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ ওঠে। দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মো. শাহজামান খান চলতি বছরের ৯ এপ্রিল ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর প্রায় সাত মাস ধরে তিনি এ পদে রয়েছেন। তবে এ সময়ে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে কোনো প্রকাশ্য আন্দোলন বা অভিযোগ সামনে আসেনি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আগের দিন তাঁর অপসারণ দাবিতে মানববন্ধন করায় কর্মসূচির সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি চক্র বিভিন্ন সময়ে অধিদপ্তরে নানা বিষয়ে তদবির করা হয়েছে। এসব তদবিরে সাড়া না পেয়ে এখন মহাপরিচালকের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তোলা হচ্ছে বলে তাঁদের ধারণা। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কৃষক দলের প্যাডে লিখিতভাবে উল্লেখ করেন, শাহজামান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন এবং ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। 

মানববন্ধনে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, শাহজামান খান সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউলের ঘনিষ্ঠ ছিলেন। সাবেক মন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা কবিরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন। ২০২৪ এর ৪ আগস্ট ছাত্র জনতার বিপক্ষে শান্তি সমাবেশও তিনি অংশ নিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে তাঁর উপস্থিতির বিষয়টি আমরা সামনে আনতে চাই।
 
এ বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, ‘মঞ্চ ২৪ কারা, তাদের আমি চিনি না, জানি না। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। আগামীকাল প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন। এমন সময় মেলা ভণ্ডুল করতে এ ধরনের মানববন্ধন করা হয়েছে কি না, তা জানি না।’

আরও পড়ুন

×