কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মেয়ের পর মারা গেলেন মা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ১৩:৪০
রাজধানীর কাঁঠালবাগানে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত শামসুন নাহারের (৫০) মৃত্যু হয় বুধবার ভোর পাঁচটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার আজ শামসুন নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর আগে মঙ্গলবার সকালে একই হাসপাতালে মারা যান শামসুন নাহারের মেয়ে সানজিদা (২০)। তার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকার আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। ওই ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকতেন শামসুন নাহার ও তার মেয়ে। বিস্ফোরণে তাদের পাশাপাশি অন্য একটি পরিবারের তিন সদস্যও দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩০ বছর বয়সী ইফতি সাবা ও তার দেড় বছর বয়সী ছেলে আরএস রহমানের মৃত্যু হয়েছে। সাবার স্বামী আবদুর রহমান (২৯) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
- বিষয় :
- বিস্ফোরণ
- দগ্ধ হয়ে মৃত্যু