‘অসামান্য অবদান’ নেই, এমন প্লট বাতিলের সুপারিশ
অমিতোষ পাল
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ০৯:০২
| প্রিন্ট সংস্করণ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশেষ বিবেচনায় প্লট বরাদ্দের বিধি ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে অনেকে প্লট পেয়েছেন। এসব প্লটের বরাদ্দ পর্যালোচনা করে প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান নেই– এমন ব্যক্তিদের প্লট বাতিলের সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। সুপারিশমালা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আদালতের নির্দেশনা পেলে রাজউক এ বিষয়ে কাজ শুরু করবে বলে সমকালকে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। তিনি আরও বলেন, পর্যালোচনা কমিটির সুপারিশে কী আছে, তা তাঁর জানা নেই।
পর্যালোচনা কমিটির সদস্যদের কেউ এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য সমকালকে বলেছেন, রাষ্ট্রীয় ক্ষেত্রে যাদের প্রকৃত অবদান রয়েছে, তাদের প্লট বহাল রাখার সুপারিশ করা হয়েছে। অন্যদের বরাদ্দ বাতিলের পক্ষে মত দেওয়া হয়েছে। এ ধরনের প্লটের সংখ্যা কয়েকশ।
যেভাবে অপব্যবহার হয়েছে বিধির
রাজউকের ১৯৬৯ সালের ভূমি বরাদ্দ বিধিমালায় ১৯৮৬ সালে ১৩/এ বিধি যুক্ত করা হয়। এতে সরকারি চাকরি, জনসেবা ও জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ বিবেচনায় প্লট বরাদ্দের সুযোগ রাখা হয়। এটি ‘অসামান্য অবদান’ বা ‘সংরক্ষিত কোটা’ হিসেবে পরিচিত।
মূল বিধান অনুযায়ী, রাষ্ট্রীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কোনো ব্যক্তিকে ঢাকায় বসবাসের জন্য প্লট দেওয়ার সুযোগ ছিল। তবে তার নামে ঢাকায় জমি, প্লট বা ফ্ল্যাট থাকা যাবে না। ২০০৯ সালে বিধিটি সংশোধন করে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি চাকরিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশা ও শ্রেণির ব্যক্তির আবেদন করার সুযোগ রাখা হয়।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে গুলশান আবাসিক এলাকায় একটি, বনানী আবাসিক এলাকায় একটি, উত্তরা আবাসিক এলাকায় ২০৭টি, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৯৪৪টি ও ঝিলমিল আবাসিক এলাকায় ২৬০টি প্লট এই ধারায় বরাদ্দ দেওয়া হয়।
পরবর্তী সময়ে এই বিধির অপব্যবহারের অভিযোগ ওঠে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালী, দারোয়ান ও গাড়িচালক থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদেরও প্লট দেওয়া হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শুরুতেই এসব প্লটের কার্যক্রমের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা জারি করে। পরে তিন সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।
যাদের প্লট বহাল রাখার সুপারিশ
কমিটির অনুসন্ধানে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের প্লট বহাল রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। বিচারপতিদের ক্ষেত্রেও একই ধরনের সুপারিশ রয়েছে। সাংবাদিকদের বরাদ্দ পাওয়া কিছু প্লট বহাল রাখার বিষয়ে ইতিবাচক মত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালী, ঝাড়ুদারসহ সাধারণ কর্মচারীদের বরাদ্দ পাওয়া প্লট বাতিলের সুপারিশ করা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বরাদ্দ পাওয়া প্লটও বাতিলের পক্ষে মত রয়েছে।
এ ছাড়া ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে। অতিরিক্ত বরাদ্দ পাওয়া প্লটগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে। যারা প্লটের কিস্তির টাকা পুরোপুরি পরিশোধ করেননি কিংবা লিজ দলিল সম্পন্ন করেননি, তাদের ক্ষেত্রেও বরাদ্দ বাতিলের সুপারিশ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কমিটির চেয়ারম্যান ও ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মহ. মনিরুজ্জামান বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ১৩/এ বিধির আওতায় বরাদ্দ পাওয়া প্লটের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এতে অনেক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ধাপে ধাপে কয়েকটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মালিকানা নিয়ে জটিলতায় রাজউক
বিশেষ বিবেচনায় বরাদ্দ পাওয়া সব প্লট বাতিল করা হলেও সেগুলোর দখল বা মালিকানা ফিরিয়ে নেওয়া রাজউকের জন্য সহজ হবে না। কারণ, অনেক প্লটের মালিকানা ইতোমধ্যে হস্তান্তর হয়েছে। কোনো কোনো প্লটে ডেভেলপার প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণ করেছে। সেসব ভবনের ফ্ল্যাট বিক্রিও হয়ে গেছে। ফলে একাধিকবার মালিকানা পরিবর্তনের ঘটনাও রয়েছে।
এর আগেও একই ধরনের জটিলতায় পড়েছিল রাজউক। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীকে বনানীতে এবং সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে উত্তরায় প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে প্লট দুটির বরাদ্দ বাতিল করা হলেও সেগুলোর মালিকানা ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি। কারণ, তত দিনে প্লট দুটিতে ভবন নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছিল।
আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দ পাওয়া প্লটগুলোর ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোনো কোনো প্লটের মালিকানা একাধিকবার বদল হয়েছে। এসব হস্তান্তরের অনুমতিও দিয়েছে রাজউক। ফলে বরাদ্দ বাতিল করা হলে পরবর্তী মালিকদের আইনি আপত্তি ও মামলা করার আশঙ্কা রয়েছে।
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে রাজউক। নির্দেশনা পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।