হত্যাকাণ্ডে জড়িত বলে মুজিব শতবর্ষে কর্মসূচি রাখেনি বিএনপি: তথ্যমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১০:০৬ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ১১:১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে বিএনপির সুযোগ ছিল, জাতির কাছে ক্ষমা চেয়ে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার। কিন্তু দলটি তা করতে ব্যর্থ হয়েছে। বিএনপি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে তারা জন্মশতবার্ষিকীতে কোনো কর্মসূচি রাখেনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী-কুশলী আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে চলচ্চিত্রতারকা আলমগীর, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ সভায় অংশ নেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু হত্যার অন্যতম কুশীলবই ছিলেন না, বঙ্গবন্ধু হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। বিদেশে দূতাবাসে তাদের পদায়ন করেছেন। জিয়াউর রহমানের স্ত্রীও ১৯৯৬ সালের নির্বাচনে এক মাস স্থায়ী সংসদে বঙ্গবন্ধুর খুনিকে বিরোধীদলীয় নেতা বানিয়ে তার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।
