কর্মকর্তাদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী
দুর্নীতি বন্ধ করে জাতির পিতার প্রতি সম্মান দেখান
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১১:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বস্তরে চুরি, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ নির্দেশনা দেন তিনি।
রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দায়িত্বের প্রতি শতভাগ সৎ থাকার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শুধু ভাষণে-বক্তৃতায় সীমাবদ্ধ রাখা তার প্রতি অবমাননা। কারণ তিনি উন্নয়নের স্বপ্নের কথা বলতেন এবং যতদিন জীবিত ছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করেছেন। সুখী, সমৃদ্ধিশালী সোনারবাংলা গড়ার সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই শুধু তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব।
কমিশনের সচিব নূরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাহিন আহমেদ চৌধুরী ও শামীমা নার্গিস।
দুর্নীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, কর্মকর্তারা চোখ-কান খোলা রেখে সততার সঙ্গে কাজ করলেই দুর্নীতি বন্ধ করা সম্ভব। আলোচনা সভার আগে র্যালি অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে বিশেষভাবে তৈরি টি-শার্ট এবং ক্যাপ পরা কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
জনশুমারির নারী কর্মীরা স্কুটি পেলেন :মুজিব শতবর্ষ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের উপজেলা পর্যায়ের নারী কর্মকর্তাদের স্কুটি হস্তান্তর করেন পরিকল্পনামন্ত্রী। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্নিষ্ট কর্মকর্তাদের হাতে স্কুটির চাবি তুলে দেন মন্ত্রী। পরে পরিসংখ্যান ভবনে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু ও জাতীয় পরিসংখ্যান সংস্থা :বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির তথ্য-উপাত্ত বিশ্নেষণ' নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। বিবিএসের কর্মকাণ্ডের অর্থ ব্যয়ে শতভাগ স্বচ্ছতাসহ সব কাজে নীতি-নৈতিকতা মেনে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। পরিসংখ্যান সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, সংস্থার মহাপরিচালক তাজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
