ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ঘর থেকে বের হবেন না, সরকার পাশে আছে: সাঈদ খোকন

ঘর থেকে বের হবেন না, সরকার পাশে আছে: সাঈদ খোকন
×

রোববার নগরভবনে ছিন্নমূল মানুষদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ১০:৫০ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ১০:৫৮

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। সরকার আপনাদের পাশে আছে। সিটি করপোরেশন আপনাদের পাশে আছে। আমিও আপনাদের পাশে আছি। যে-কোনো সমস্যায় আমাকে আপনারা পাবেন। দয়া করে ঘরে থাকুন।’

ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিন রোববার নগরভবনে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

সাঈদ খোকন বলেন, ‘আমরা ৫০ হাজার পরিবারকে এক মাস নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি, যাতে কর্মহীন অবস্থায় তাদের খাদ্যসংকটে পড়তে না হয়। এর অংশ হিসেবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ওয়ার্ড পর্যায় থেকে তালিকা প্রণয়ন করা হয়েছে। আজ (রোববার) রিকশা চালকসহ অন্যদের মাঝে বিতরণ করা হয়েছে।‘ 

মেয়র আরও বলেন, ‘আমরা আনন্দিত হয়েছি যে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেক বিত্তবান ও সচ্ছল মানুষ অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা শুভ লক্ষণ। আপনারা কোনো চিন্তা করবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে। আমরা যেসব খাদ্যসামগ্রী বিতরণ করছি তাতে করে ৪ থেকে ৫ জনের পরিবারের প্রায় এক মাস চলে যাবে।‘

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদার, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×