ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

মামলা শুনানি শেষে হিট স্ট্রোকে আইনজীবীর মৃত্যু

মামলা শুনানি শেষে হিট স্ট্রোকে আইনজীবীর মৃত্যু
×

অ্যাডভোকেট শফিউল আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩ | ১৭:১৩ | আপডেট: ১১ মে ২০২৩ | ১৭:১৩

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শফিউল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে মারা গেছেন তিনি।

শফিউল আলমের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে আইজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিকেলে বার ভবনের সামনে প্রথম জানাজা শেষে মরদেহ এলাকায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, আইনজীবীদের মুখে শুনেছি, হিট স্ট্রোকে শফিউল আলমের মৃত্যু হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আইনজীবীরা বলছেন, তীব্র তাপদাহের মধ্যে কোর্ট-গাউন পরার কারণে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন শফিউল আলম। আইনজীবীরা গ্রীষ্মকালীন ড্রেসকোড পরিবর্তনের জন্য কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। এর মধ্যেই এক আইনজীবীর মৃত্যু হলো।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান মামুন জানান, আদালতে মামলার শুনানি শেষে চেম্বারে যাওয়ার সময় শফিউল আলম মাথা ঘুরে পড়ে যান। সহকর্মী আইনজীবীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, প্রচণ্ড গরমে স্বাভাবিক ড্রেস পরা কঠিন। তার মধ্যে কোর্ট-গাউন নিয়ে এ গরমে টিকে থাকা আরও কষ্টকর। গরমে ড্রেসকোড পরিবর্তন করা খুবই জরুরি। আমরা প্রধান বিচারপতির কাছে গরমের সময় ড্রেসকোড পরিবর্তন করে শুধু সাদা শার্ট-ব্যান্ড পরে শুনানির একটি আবেদন করেছি।

আরও পড়ুন

×