ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ওষুধ কিনতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে মৃত্যু

ওষুধ কিনতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৮:০৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৮:৪১

রাজধানীর নতুন বাজার এলাকায় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী আব্দুর রশীদ। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। ডাক্তার দেখিয়ে প্রেস্ক্রিপশন নিয়ে ওষুধ কিনতে গিয়েছিলেন ফার্মেসিতে। কিন্তু ওষুধ কেনা হয়নি তার। ওষুধের দোকানের ভেতরেই হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যান তিনি। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকার বিগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

ওই ওষুধের দোকানে কর্তব্যরত বিক্রেতা হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি প্রেসক্রিপশন নিয়ে এসে ওষুধের দাম জিজ্ঞেস করছিলেন। তিনি নিজেই সাইকেল চালিয়ে মোহাম্মদপুর গিয়ে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে এসেছেন বলেও জানিয়েছিলেন। প্রেসক্রিপশনে যে কয়টি ওষুধের নাম লেখা ছিল তার সবগুলোই হৃদরোগের। ওষুধের দাম জিজ্ঞেস করতে করতেই তিনি মাথা ঘুরে দোকানের ভেতরেই পড়ে যান। এ সময় কয়েকজন তার মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। এরপর তিনি নিজের ফোন থেকে ৯৯৯ নম্বরে ফোন দেন। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাননি। কিছুক্ষণ পর ভাটারা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার অচেতন দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।

দুপুর থেকেই আব্দুর রশীদের ফার্মেসিতে পড়ে থাকা ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন অনেকে। 

তবে পুলিশ জানায়, ওই ব্যক্তি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, পুলিশ আব্দুর রশীদের অচেতন দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তাকে চিকিৎসরা মৃত ঘোষণা করে। তার লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আব্দুর রশীদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন

×