ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আদাবরে বাসার ভেতর পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আদাবরে বাসার ভেতর পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০ | ১৩:০৩

রাজধানীর আদাবর এলাকা থেকে পুলিশের একজন কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ আফরিন আক্তার মুন্নি (২৮) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিহত ওই নারীর স্বামী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম রবিন আদবর থানাতেই কর্মরত।

পুলিশ বলছে, আফরিন আত্মহত্যা করেছেন। তবে আফরিনের পরিবার দাবি করছে, তাকে মেরে আত্মহত্যার গল্প সাজিয়েছেন এএসআই নজরুল। তারা এ ঘটনার বিচারও চান।

আদাবর থানা পুলিশ জানায়, এএসআই নজরুল থানার অদূরে একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে থাকেন। সোমবার সন্ধ্যার দিকে বাসার একটি কক্ষে স্ত্রী আফরিন গলায় ফাঁস লাগান। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তবে আফরিনের চাচা মুজিবুর রহমান অভিযোগ করেন, রবিনের অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। মোবাইল ফোনে আফরিন তা দেখে ফেলায় তার উপর ক্ষিপ্ত হয় রবিন। গত দুই বছর ধরে তা নিয়ে পারিবারিক কলহ চলছিল। আফরিনকে মারধর করা হতো। গত রোববারও রবিন আফরিনকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। সে পুলিশ কর্মকর্তা বলে তার কিছুই হবে না বলেও হুমকি দেয়। সোমবারও তাকে মেরে পরে আত্মহত্যার নাটক সাজায়।

চাচার দাবি, ঘটনার পর আদাবর থানা পুলিশও বিষয়টি লুকানোর চেষ্টা করে। নজরুলের সহকর্মীরা বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

অবশ্য আদাবর থানার ওসি কাজী শাহেদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে- এএসআই নজরুলের স্ত্রী আত্মহত্যা করেছেন। পারিবারিক কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এরপরও তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×