করোনায় চিকিৎসক মির্জা নাজিম উদ্দিনের মৃত্যু
মির্জা নাজিম উদ্দিন- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৭:৪৭
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই ভেন্টিলেটরে ছিলেন। এ অবস্থায় রোববার মারা যান। তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর।
ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাশ করেন। সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে কাজ করছিলেন। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।