ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবারও আগারগাঁও ব্লকেড শেকৃবি শিক্ষার্থীদের

আবারও আগারগাঁও ব্লকেড শেকৃবি শিক্ষার্থীদের
×

ছবি: সমকাল

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ২২:২৫

ডিপ্লোমাধারীদের দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে এবং কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের জন্য দ্বিতীয় দিনের মতো আগারগাঁও ব্লকেড করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। রোববার পূর্বঘোষিত ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এই ব্লকেড দেন তারা। 

এদিন বিকেল ৫টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আগারগাঁওয়ে আসেন শিক্ষার্থীরা। তারা ‘কৃষিবিদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিএসসিরা ভাই ভাই, ডিপ্লোমার ঠাঁই নাই’, ‘পাস করে এসএসসি, পদ চায় বিএসসির’ স্লোগান দিতে থাকেন। পরে আগারগাঁও মোড়ে ব্লকেড দেন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ব্লকেড তুলে নেন শিক্ষার্থীরা।

তাদের তিন দফা দাবি হলো– কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ অন্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা এবং কৃষি বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এ বিষয়ে শেকৃবির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো জানিয়ে আসছিলাম। কিন্তু এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এ জন্য দাবি পূরণে রাস্তায় নামতে হয়েছে। যতদিন না আমাদের তিন দফা দাবি মেনে নেওয়া হবে, ততদিন আন্দোলন চলবে।’

আরও পড়ুন

×