ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশু নিপীড়ন রোধে ‘প্রজেক্ট সুরক্ষা’ চালু করল আইজেএম

শিশু নিপীড়ন রোধে ‘প্রজেক্ট সুরক্ষা’ চালু করল আইজেএম
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩১

বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন রোধে নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম)। এ লক্ষ্যে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বুধবার ‘প্রজেক্ট সুরক্ষা’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজেএমের প্রধান কর্মসূচি কর্মকর্তা ব্লেয়ার বার্নস। বিশেষ অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া এনডিসি এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।

উদ্বোধনী বক্তব্যে আইজেএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহসভাপতি ক্লেয়ার উইলকিনসন বলেন, ‘শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা ও শক্তিশালী কাঠামো অপরিহার্য।’ 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। আয়োজকরা জানান, ‘প্রজেক্ট সুরক্ষা’র আওতায় বিচার ব্যবস্থা শক্তিশালী করা, অপরাধীদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসন এবং বিচার দাবিকে বিস্তৃত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ  শ্যারন কোহ্ন উ. অ্যাটর্নি স্যামসন ইনোসেনসিও এবং  মারিয়া থেরেসা সি ক্যাসিনো দক্ষিণ এশিয়ায় শিশু পাচার ও নিপীড়ন মোকাবিলার অভিজ্ঞতা শেয়ার করেন। সমাপনী বক্তব্য দেন ক্লেয়ার উইলকিনসন এবং ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সাইমা খান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণের সভাপতি আল-আমিন নয়ন, সিআইডির অতিরিক্ত ডিআইজি আলী আকবর খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. মাহবুবুর রহমান।

আইজেএম জানায়, বিশ্বের বিভিন্ন দেশে গত ২৮ বছর ধরে তারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় কাজ করছে। বাংলাদেশেও সরকার, সুশীল সমাজ ও স্থানীয় জনগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে ‘প্রজেক্ট সুরক্ষা’ বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

×