ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওয়াসার এমডি ও ডিএসসিসি প্রশাসককে অপসারণ

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

ওয়াসার এমডি ও ডিএসসিসি প্রশাসককে অপসারণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়নের সুবিধার জন্য জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার। গত বুধবার এ কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করে সরকার। এরপর তিন দফায় এ কমিটিতে পরিবর্তন আনা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন বিষয়ক কমিটির মতামত নিয়ে বদলি-পদায়নে জটিলতার সৃষ্টি হয়। অনেক সময় বদলি-পদায়নে জরুরি কাজগুলোও আটকে যায়। ফলে জাতীয় নির্বাচনের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় যাতে এককভাবে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করতে পারে, সে জন্য এ কমিটি বাতিল করা হয়েছে।

এ কমিটিতে সদস্য হিসেবে ছিলেন– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য সচিব ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব ও এর ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি গঠন করা হয় ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’। তখন কমিটিতে সদস্য সচিব ছিলেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে উপদেষ্টার পদ ত্যাগ করেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলে গত ২০ মার্চ তাঁকে কমিটির সদস্য সচিব করা হয়। এরপর, ২৫ আগস্ট সদস্য থেকে কমিটির সদস্য সচিব হিসেবে নিয়োগ পান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে কমিটিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরানো হলো ওয়াসার এমডি ও দক্ষিণ প্রশাসককে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে এই দুই দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করে আসছিলেন।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই কর্মকর্তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। 

আরও পড়ুন

×