৯৯৯ নম্বরে মায়ের ফোন
ঢাকা থেকে পাচারের শিকার তরুণী খুলনার যৌনপল্লিতে উদ্ধার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ২১:০২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ২১:০৩
‘আমার ২১ বছর বয়সী মেয়েকে ফুসলিয়ে ঢাকা থেকে বাগেরহাটের মোংলায় নিয়ে একটি বাসায় পাচারের জন্য আটকে রাখা হয়েছে। তাকে যৌনপল্লিতে বিক্রি বা পার্শ্ববর্তী দেশে পাচার করা হতে পারে। মেয়ে এখন ফোন করে কান্নাকাটি করছে। দয়া করে তাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন।’ এমন আবেদন জানিয়ে শনিবার মধ্যরাতে পিরোজপুর থেকে এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন।
৯৯৯-এর কনস্টেবল সাহেল খান ওই নারীর কাছ থেকে ফোন নম্বর নিয়ে মেয়েটির অবস্থান নিশ্চিত হন। সেটি ছিল খুলনার দাকোপ থানার বানিয়াশান্তা এলাকা। এরপর তাকে উদ্ধারের জন্য দাকোপ থানায় জানানো হয়। বিষয়টি তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এর ডিসপাচার এসআই ইমদাদুল হক।
৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দাকোপ থানার একটি দল থানা থেকে ২৫ কিলোমিটার দূরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তরুণী বানিয়াশান্তা যৌনপল্লিতে আছেন। জানা যায়, ভুক্তভোগী তরুণী ঢাকার মিরপুরের একটি মেসে থেকে চাকরির চেষ্টা করছিলেন। কিন্তু তিনি চাকরি পাননি। অন্যদিকে মেসের ভাড়া ও খাওয়া বাবদ অনেক টাকা বকেয়া পড়ে যায়। তখন তাঁর এক পরিচিত তরুণীর প্ররোচনায় তিনি ২৩ অক্টোবর বানিয়াশান্তায় যান। সেখানে তিনি ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে বাধ্য হন। সরে যেতে চাইলেও তাঁকে আটকে রাখা হয়। রোববার ভোরে তরুণীকে উদ্ধার করে দাকোপ থানায় নেওয়া হয়। উদ্ধারের বিষয়টি জানানো হয় তাঁর মাকে। মা-বাবা থানায় উপস্থিত হলে তরুণীকে তাদের জিম্মায় দেওয়া হয়।
- বিষয় :
- ৯৯৯ নম্বরে ফোন
- উদ্ধার
- খুলনা
- পিরোজপুর
