পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ, যানজট-ভোগান্তি
তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীরা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৩৩ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৫৬
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সাতরাস্তার মোড়সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে শুরু হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানায়, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে।
কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমান সরকার উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা সমকালকে বলেন, আজ মঙ্গলবার দুপুর থেকে তেজগাঁও সাতরাস্তায় সড়ক অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
- বিষয় :
- পলিটেকনিক ইনস্টিটিউট
- বিক্ষোভ
