রাজধানীতে ঈদ কেনাকাটা
নিউমার্কেটে বাড়ছে ভিড়, ক্রেতা আকর্ষণে বিশেষ ছাড়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৭:৩৩
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর নিউমার্কেটে ঈদ কেনাকাটায় ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। ক্রেতা আকর্ষণে এরই মধ্যে বিশেষ ছাড় ও অফার দিচ্ছে দোকানগুলো। বিকেলের পর থেকে মার্কেট ও আশপাশের ফুটপাতজুড়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। ইফতারের পর দোকানগুলোতে ক্রেতা সমাগম আরও বেড়ে যায়। গতকাল বুধবার নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, প্রথম রোজার সপ্তাহে সাধারণত মানুষ বাজার যাচাই করেন। কোথায় কোন ডিজাইন এসেছে এবং দাম কেমন খোঁজখবর নেন। ইফতারের পর রাত পর্যন্ত দোকান খোলা থাকছে। অনেক দোকানেই বিশেষ ছাড় ও অফার দেওয়া হচ্ছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কেনাকাটা বাড়বে বলে আশা করছেন তারা।
মার্কেট ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকানে থ্রিপিস বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে চার হাজার টাকার মধ্যে। দেশি কটন ও লনের চাহিদা বেশি। শাড়ি মিলছে এক হাজার ৫০০ থেকে শুরু করে ৮-১০ হাজার টাকার মধ্যে। তবে কাপড় ও কাজের ধরন ভেদে দাম বাড়ছে। এ ছাড়া পুরুষদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে হাজার টাকা থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে। শিশুদের পোশাকের দামও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। বাচ্চাদের ফ্রক, পাঞ্জাবি-পায়জামা সেট ৮০০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
গতকাল নিউমার্কেট ঘুরে বিভিন্ন পোশাক দেখছিলেন রফিকুল ইসলাম। তিনি বলেন, আমি প্রতি ঈদে পরিবারের কাপড় এখান থেকেই কিনি। ছেলেমেয়েদের পাঞ্জাবি, থ্রিপিস থেকে শুরু করে আমার নিজের পাঞ্জাবি সব এক জায়গায় পাওয়া যায়। অনেক ব্র্যান্ডেড শপিংমলে যা ‘অথেনটিক’ বলে বিক্রি হয়, নিউমার্কেটে খোঁজ নিলে একই কারখানার পণ্য কম দামে মেলে। একটু সময় নিয়ে বাছাই করতে পারলেই লাভ।
বেসরকারি চাকরিজীবী তাহমিনা সুলতানাও একই কথা বলেন। তিনি বলেন, বড় শপিংমলে গেলে ফিক্সড প্রাইস, কথা বলার সুযোগ নেই। কিন্তু এখানে বিক্রেতার সঙ্গে আলাপ করে, তুলনা করে কেনা যায়।
নিউমার্কেটের চন্দ্রিমা সুপারমার্কেটের দোকানি মো. লাভলু বলেন, বিক্রি মাত্র শুরু হচ্ছে। এখনও পুরোদমে শুরু হয়নি। কয়েক দিনের মধ্যেই বিক্রি বাড়বে আশা করছি। এবার বিক্রি নিয়ে আমরা আশাবাদী।
জামাকাপড়ের পাশাপাশি ঘরের তৈজসপত্র থেকে শুরু করে ম্যাচিং বেডশিট, পর্দার কাপড় এসবের দোকানেও মানুষের ভিড় দেখা গেছে। ক্রেতারা জানান, দামাদামির সুযোগ আর তুলনামূলক কম দামে আসল পণ্য পাওয়ার কারণে অনেকেই বড় শপিংমল ছেড়ে ছুটছেন নিউমার্কেটে।
ঘরের প্রয়োজনীয় তৈজসপত্রের দোকানগুলোতেও দেখা গেছে ভিড়। তৈজসপত্র বিক্রেতা কামাল হোসেন বলেন, ঈদের আগে অনেকেই রান্নাঘরের জিনিস নতুন করে কিনছেন। আগে মানুষ শুধু কাপড় কিনতে আসতেন, এখন ঘর সাজানোর জিনিসের চাহিদাও বেড়েছে। আমরা মানসম্মত পণ্য রাখার চেষ্টা করি, যাতে ক্রেতারা আস্থা পান।
- বিষয় :
- ঈদের কেনাকাটা
