ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহবাগে ফুলের অর্ধশত দোকান উচ্ছেদ

শাহবাগে ফুলের অর্ধশত দোকান উচ্ছেদ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৩:৫২

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধশত ফুলের দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাস্তা ও ফুটপাত দখল করে সেখানে দোকানগুলো গড়ে উঠেছিল। শিশুপার্ক থেকে শুরু করে শাহবাগ থানা পর্যন্ত এলাকায় দোকানগুলোর অবস্থান। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে এসব দোকান ও কিছু অবকাঠামো গুঁড়িয়ে দেন। 

এর আগেও বিভিন্ন সময় এসব ফুলের দোকান উচ্ছেদ করা হয়েছে। কিন্তু কিছুদিন পরই আবার দোকানগুলো গড়ে ওঠে। অভিযোগ আছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশের সহায়তায় এসব দোকান গড়ে ওঠে। ব্যবসা করার বিনিময়ে দোকানিদের কাছ থেকে তারা মাসোহারা পান।  

ডিএসসিসি জানিয়েছে, ফুটপাত ও শিশুপার্কের জায়গা দখল করে এসব গড়ে ওঠায় পথচারীদের চলাচলে ভোগান্তি হয়। এ জন্য ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। এটা চলমান থাকবে। 

ফুলের দোকানিরা জানান, তাদের আগেই বলা হয়েছিল পহেলা বৈশাখের পর যেন তারা না বসেন। কিন্তু তাদের ব্যবসা করার অন্য কোনো নির্ধারিত স্থান না থাকায় তারা বাধ্য হয়েই দোকান সরাননি। 

মনোয়ারা বেগম নামের একজন ফুল বিক্রেতা অভিযোগ করেন, বিভিন্ন সময় সিটি করপোরেশনের কাছে তারা একটি ফুলমার্কেট করে দেওয়ার দাবি জানালেও সিটি করপোরেশন তা আমলে নেয়নি। কখনও কখনও আশ্বাস দেওয়া হলেও তা ছিল মুখে মুখে। বিক্রেতারা চান, ফুল বিক্রির জন্য একটি নির্দিষ্ট স্থান বা একটি ফুল মার্কেট।

আরও পড়ুন

×