সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ২২:১৫
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘দেশের ভাবমূর্তি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’ রোববার তাঁর দপ্তরে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রপ্তানি এখনো মূলত তৈরি পোশাক খাতনির্ভর হলেও সৌদি আরবের বাজারে ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং চাহিদাভিত্তিক তৈরি পোশাক রপ্তানির বড় সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
প্রবাসী কর্মীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিদেশে কর্মরত বাংলাদেশিরা অনেক ত্যাগ স্বীকার করেন। যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ব্যক্তি, পরিবার ও দেশ সবাই উপকৃত হবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি দেশের বড় সম্পদে পরিণত হতে পারে।’
বৈঠকে মন্ত্রী প্রতিনিধিদলকে উদ্দেশ করে বলেন, ‘কোন খাতে কী ধরনের সহায়তা প্রয়োজন, কোথায় নীতিগত বা আর্থিক সহযোগিতা দরকার এসব বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। বাস্তবসম্মত প্রস্তাব পেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’
সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, ‘সৌদি বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার বড় সম্ভাবনা রয়েছে। সরকারি সহায়তা ও সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে ২০২৭ সালের মধ্যে সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।’
প্রতিনিধিদল জানায়, সৌদি ভিশন-২০৩০, ওয়ার্ল্ড এক্সপো এবং বিশ্বকাপকে সামনে রেখে শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গ্রিন টেকনোলজি, পরিবেশ, মরুভূমি বনায়ন, কৃষি ও খাদ্য খাত এবং ক্ষুদ্রঋণভিত্তিক অর্থায়নের মতো খাতে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও খাতভিত্তিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী
- বাজার
