বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাই
বিএনপি ও ছাত্রদলের বহিষ্কৃত ৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র শিগগির
আবদুর রউফ, রানা হোসেন রুবেল, মো. রিপন হোসেন ও আল-আমিন হোসেন শান্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৮:০৪ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৭:০৮
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণ ছিনতাইয়ের মামলায় চার আসামির বিরুদ্ধে মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। চারজনই বিএনপি ও ছাত্রদলের বহিষ্কৃত নেতা। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্তরা হলেন– বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্ত।
ছিনতাইয়ের ঘটনার পর চারজনই নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কৃত হন। এর মধ্যে রিপন ও আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে। আবদুর রউফ ও রুবেল পলাতক।
পুলিশ জানায়, আবদুর রউফ, রুবেল, রিপন ও আল-আমিন গত ২৮ আগস্ট বিমানবন্দর এলাকায় সুমন নামে এক ব্যক্তিকে মাইক্রোবাসসহ আটক করেন। এ সময় ছাত্রলীগ পরিচয়ে বোমা ফাটানোর হুমকি দিয়ে তাকে মারধর করেন তারা। একপর্যায়ে তার কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় পরদিন বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী মালয়েশিয়া প্রবাসী যাত্রীর স্বজন সুমন।
পুলিশ জানায়, কাউসার হোসেন নামে এক মালয়েশিয়া প্রবাসী পরিচিত এক ব্যক্তির মাধ্যমে বোনের বিয়ের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার দেশে পাঠান। বিমানবন্দর থেকে তার ছোট ভাই মো. সুমন ও তার বন্ধু রোহান ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকার গ্রহণ করেন। এরপর বিমানবন্দর থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যেতেই রিপন, আল-আমিন, আব্দুর রউফ ও রুবেল তাদের ঘিরে ধরেন।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান জুয়েল তালুকদার সমকালকে জানান, অপরাধীরা যে দলেরই হোক না কেন, আইনে তাদের ছাড় নেই। তিনি বলেন, বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ পরিচয়ে স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে জড়িত বিএনপি ও ছাত্রদলের চার নেতার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ। এখন তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।
ওসি কামরুল হাসান জানান, বিমানবন্দর এলাকায় ছিনতাই, পকেটমার, আওয়ামী লীগের মিছিলসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে পুলিশের ডিউটি পোস্ট বাড়ানো হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় এখানে রাত-দিন ২৪ ঘণ্টা দেশি-বিদেশি মানুষের চলাচল। বিমানবন্দরের পাশেই রয়েছে আন্তঃনগর রেলওয়ে স্টেশন। এখানেও রাত-দিন ২৪ ঘণ্টা বিভিন্ন যাত্রীদের চলাচল।
পুলিশ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তঃনগর রেলওয়ে স্টেশনের কারণে বিভিন্ন অপরাধী চক্রের আনাগোনা। চক্রটি সুযোগ বুঝে ছিনতাই, পকেটমারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব ঠেকাতে থানা এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের টহল।