ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে বৃদ্ধকে রিহ্যাবে নিতে হাতকড়া পরানোয় আটক ২

মোহাম্মদপুরে বৃদ্ধকে রিহ্যাবে নিতে হাতকড়া পরানোয় আটক ২
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৪:০৯

রাজধানীর মোহাম্মদপুরে সিপার মোস্তফা (৬৩) নামে এক বৃদ্ধকে হাতকড়া পরিয়ে জোর করে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় রিহ্যাব সেন্টারের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন– মো. জসিম উদ্দীন ও মো. আমিনুর ইসলাম। এ সময় ব্যবহৃত হ্যান্ডকাফটিও উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা গণমাধ্যমকে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার পর স্যার সৈয়দ রোডের একটি বাসায় ৪-৫ জন ব্যক্তি প্রবেশ করেন। তারা ফ্ল্যাটের মালিক সিপার মোস্তফাকে হ্যান্ডকাফ পরিয়ে জোর করে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। বিষয়টি দেখে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে পুলিশ অনুসন্ধান শুরু করে।

তদন্তের পর পুলিশ জানায়, মানসিক সমস্যায় ভুগতে থাকা সিপার মোস্তফাকে তার ছোট ভাই সাবির মোস্তফা উত্তরা ১১ নম্বর সেক্টরে লাইট হাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিলেন। এর আগেও ২০২১ সালে তাকে ওই রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। উত্তরা পশ্চিম থানার মাধ্যমে খোঁজ নিয়ে তাকে রিহ্যাব সেন্টারে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

তবে রিহ্যাবে নেওয়ার সময় হ্যান্ডকাফ ব্যবহারের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠে। রিহ্যাব সেন্টারের মালিক ডা. মো. জসিম উদ্দীন হ্যান্ডকাফ ব্যবহারের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি কিছু মাদকাসক্তকে রিহ্যাবে নেওয়ার সময় হ্যান্ডকাফ ব্যবহার করা হয় বলে জানান।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত রিহ্যাব সেন্টারের দুই কর্মীকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×