ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ল্যাপটপ-ক্যামেরা হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী

ল্যাপটপ-ক্যামেরা হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী
×
×

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে ম্যাকবুক উপহার দেন মুক্তি মাহমুদ নামে এক ব্যবসায়ী। ছবি: সংগৃহীত

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০১:২১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৫:০৮

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে ম্যাকবুক উপহার দিয়েছেন মুক্তি মাহমুদ নামে এক ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী এই তরুণের হাতে ম্যাকবুকটি তুলে দেওয়া হয়।
‎
‎হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান ক্রিল। ফিরে এসে ওই ব্যক্তিকে আর পাননি। পরে জানতে পারেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন। বিষয়টি তিনি নাটোর সদর থানা পুলিশকে জানান। পরে থানায় বসে তাঁর কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর গত বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন ক্রিল।
‎
‎এদিকে ভিডিওটি দেখে মর্মাহত হন মুক্তি মাহমুদ। নিজের ছেলের কথা মনে করে ক্রিলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। পরে শাওন নামে একজনের মাধ্যমে যোগাযোগ করে ক্রিলকে ম্যাকবুক উপহার দেন। মুক্তি মাহমুদ রাজধানীর জিগাতলায় বসবাস করেন। তিনি আনজুমান ডিজাইনারস লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক। 
‎
‎মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশে এসে একজন বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হওয়া দেশের জন্য বিব্রতকর। তাঁর নিজের ছেলেও বিদেশে পড়াশোনা করে। সেই ভাবনা থেকেই ক্রিলকে সহায়তা করেছেন তিনি। বাংলাদেশ ছাড়ার আগে তরুণটি যেন কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।
‎
‎নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল। এটি ব্যবহার করে আবার কাজ করতে পারবেন বলে জানান তিনি।
‎
‎হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সমকালকে বলেন, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন ক্রিল। সেটি চুরি হওয়া দুঃখজনক। তবে একজন নিজের উদ্যোগে তাঁকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে দেশের সম্মান কিছুটা হলেও ফিরবে।

‎পুলিশ জানায়, নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে।

আরও পড়ুন

×