বেতন বৃদ্ধির দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: শহিদুল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৩:১৫ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১৩:৪৩
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আজমপুর, রাজলক্ষ্মী এলাকায় বিভিন্ন পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুপুর ১টা পর্যন্ত সড়কে অবস্থান করে সড়ক ছাড়েন তারা। এসময় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো তাঁদের বেতন বাড়াতে হবে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এ পরিস্থিতিতে বেতন বাড়ানোর দাবিতে সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।
পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে আটকে পড়ে অনেক যানবাহন। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম সমকালকে বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সকালে আজমপুর, রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করে। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে আজমপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মিছিল নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি শেষ করে। এরপর থেকে সড়কে যানচলাচল করছে।
- বিষয় :
- পোশাক কারখানা
- শ্রমিক
- সড়ক অবরোধ
- বিমানবন্দর