ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন কমিটির সভা

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন কমিটির সভা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ১৩:০৯

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে এ সভা হয়। সভায় ১৯৭২ সালে প্রকাশিত ১ হাজার ৭০ জন এবং ডাক বিভাগ থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত ১৫২ জন বুদ্ধিজীবীর নাম প্রথম ধাপে তালিকাভুক্তির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কমিটির সদস্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, নিপসমের পরিচালক ড. বায়েজিদ খুরশীদ রিয়াজ, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল কাজী সাজ্জাদ জহির বীরপ্রতীক, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি ড. চৌধুরী শহীদ কাদের এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল হক ভুঁঞা, উপসচিব রথীন্দ্র নাথ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৯ নভেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন সংক্রান্ত ১১ সদস্যের কমিটি গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ কমিটি মুক্তিযুদ্ধকালীন শহীদদের মধ্যে কারা শহীদ বুদ্ধিজীবী হিসেবে অন্তর্ভুক্ত হবেন তার সংজ্ঞা নির্ধারণ করবে। বিভিন্ন গবেষণা গ্রন্থ, পত্রিকা কাটিং, টিভি রিপোর্ট, অন্যান্য সূত্রে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত করবেন। এ ছাড়া কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জেলা, উপজেলা ও অন্যান্য সূত্র থেকে পাওয়া ব্যক্তিদের আবেদন যাচাই-বাছাই করবে ও শহীদ বুদ্ধিজীবী তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করবে।

আরও পড়ুন

×