এক বছরের চলতি ব্যয়
এসএমই প্রতিষ্ঠান ৩০০০ ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১৭:৪৭ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ | ১৯:৫০
ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর (এসএমই) আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে বাংলাদেশ ব্যাংক তাদেরকে সর্বোচ্চ ৩ হাজার ইউএস ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা চলতি ব্যয় নির্বাহের জন্য বিদেশে পাঠানোরে অনুমতি দিয়েছে। সোমবার এ সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে এ ধরনের অনুমোদন ছিল না।
প্রজ্ঞাপনে বলা হয়, এসএমই প্রতিষ্ঠান আন্তর্জাতিক কার্ড এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের চলতি ব্যয় বিদেশে পাঠাতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে। ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেয়া হয়েছে, যা এসএমই প্রতিষ্ঠানের মনোনীত একজন কর্মকর্তার নামে ইস্যু করা যাবে। এই কার্ডে ৬০০ ইউএস ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা দ্বারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইন ব্যবস্থায় চলতি ব্যয় নির্বাহ করতে পারবে। তবে ব্যাংকিং এবং কার্ড চ্যানেলের মাধ্যমে মোট বার্ষিক সীমা একত্রে ৩ হাজার মার্কিন ডলারের বেশি হতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের একজন কর্মকর্তা সমকালকে জানান, এসএমই ফাউন্ডেশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের সুবিধা সম্পর্কে তিনি বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলো ফেসবুকে বিজ্ঞাপনসহ বৈদেশিক মুদ্রায় কিছু ব্যয় করতে হয়। এতদিন এই ব্যয় ব্যক্তিগত আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং অনানুষ্ঠানিক চ্যানেলে হতো। এখন থেকে এসএমই প্রতিষ্ঠানের নামে আন্তর্জাতিক কার্ড এবং ব্যাংকিং চ্যানেলে এ ধরণের বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। তবে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোকে এক্ষেত্রে গ্রাহক সম্পর্কে সঠিকভাবে জানা, কর পরিশোধ, মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত নিয়মকানুনসহ বিভিন্ন ষ্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়, রয়্যালটি, কারিগরি জ্ঞান, কারিগরি সহায়তা এবং ফ্রাঞ্চাইজি ফি সংক্রান্ত ব্যয় এই প্রজ্ঞাপনের আওতার বাইরে থাকবে। এসব বিষয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গাইডলাইনের মাধ্যমে পরিচালিত হবে, যা বাংলাদেশ ব্যাংকের গত ৩০ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা অবশ্য জানান, সাধারণত এসএমই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ জাতীয় ব্যয় হয় না বললেই চলে।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
- রেমিট্যান্স
- এসএমই
