ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিডার সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস

বেসরকারি খাতের পেশাজীবীরাও নির্বাহী সদস্য হতে পারবেন

বেসরকারি খাতের পেশাজীবীরাও নির্বাহী সদস্য হতে পারবেন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১২:২৭ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ | ১২:৩১

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য পদে সংস্থাটির নিজস্ব কর্মকর্তা ছাড়াও বেসরকারি খাতের পেশাজীবীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। সরকার চাইলে বেসরকারি খাতের যে কোনো পেশাজীবীকে নিয়োগ দিতে পারবে। এই পদটি এতদিন শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত ছিল। 

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে সংস্থাটির পুনর্বিন্যাসকৃত সাংগঠনিক কাঠামো বিষয়ে অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। বিডা বিনিয়োগ প্রক্রিয়ার ধাপগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থার সাংগঠনিক কাঠামোয় ব্যাপক সংস্কার এনেছে। এরই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিডা মনে করে, এই পুনর্গঠনের মাধ্যমে দায়িত্ব ও কর্তব্যে অধিকতর স্পষ্টতা আসবে। বিনিয়োগকারীদের জন্য সেবা হবে আরও দ্রুত ও কার্যকর। এ ছাড়া সেবার মান পরিমাপের জন্য নির্ধারিত সূচক (কেপিআই) প্রবর্তন করা হয়েছে। বিডার এই কাঠামোগত সংস্কার সরকারের ঘোষিত ৩২ দফা বিনিয়োগ পরিবেশ সংস্কার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

সভায় জানানো হয়, বিডার নতুন কাঠামোগত সংস্কারের অধীনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। রিসার্চ অ্যান্ড পলিসি এবং ইনভেস্টমেন্ট প্রোমোশন শাখাকে আলাদা ইউনিট হিসেবে গঠন করা হয়েছে। প্রবাসী বিনিয়োগকারীদের সহায়তায় চালু হচ্ছে বিশেষ ডেস্ক। পাশাপাশি বিনিয়োগ সহায়তায় খাতভিত্তিক বিশেষজ্ঞ ও রিলেশনশিপ ম্যানেজার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী বিডায় থাকবে পাঁচটি প্রধান অনুবিভাগ বা উইং। এর মধ্যে ইনভেস্টমেন্ট প্রোমোশন অনুবিভাগ কাজ করবে বিনিয়োগ আকর্ষণ ও প্রবেশ পর্যায় নিয়ে। রিসার্চ অ্যান্ড পলিসি অনুবিভাগের কাজের আওতায় থাকবে নীতি সহায়তা ও অ্যাডভোকেসি সম্পর্কিত বিষয়। অপারেশনস উইংয়ের কাজের আওতায় থাকবে বিনিয়োগ শুরু, সম্প্রসারণ ও ধারাবাহিকতা রক্ষার বিষয়গুলো। ডিজিটাল ডেভেলপমেন্ট অনুবিভাগ কাজ করবে বিনিয়োগ সেবার আধুনিকায়ন ও ডিজিটাল সংস্কার নিয়ে।  অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের কাজ হবে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সহায়তা।

আরও পড়ুন

×