সাইবার হামলার শঙ্কা
জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ | ১৪:৩১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ | ১৪:৪৫
সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এর ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে সেবা নিতে পারছেন না গ্রাহক।
রোববার দুপুর সোয়া ২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখা গেছে একটি নোটিশ। সেখানে লেখা রয়েছে ‘System Maintenance. Our application is currently undergoing scheduled maintenance. It will come soon. We apologize for the inconvenience. Janata Bank PLC’ অর্থাৎ বলা হয়েছে, ওয়েবসাইটের সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এটি দ্রুতই আবার চালু হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
অন্যদিকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা গেছে, সেখানেও একই ধরনের নোটিশ। বলা হয়েছে, ‘Important Notice: Service Maintenance. Our website service is temporarily unavailable due to maintenance. We are working to restore it as soon as possible. We sincerely apologize for the inconvenience and appreciate your patience and understanding. For assistance, please call 16796 ог +8809666616796, or email [email protected].
এই নোটিশে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমাদের ওয়েবসাইটের সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এটি পুনরায় চালু করার জন্য কাজ করছি। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার ধৈর্য ও অনুকম্পার জন্য কৃতজ্ঞ।
অর্থাৎ ব্যাংক দুটি তাদের নোটিশে গ্রাহকদের জানিয়ে দিয়েছে, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই তা চালু হবে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করছে।
এর আগে সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ ছিল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছে।
বৃহস্পতিবার সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটটি আবার চালু হয়েছে।
এদিকে ওয়েবসাইট বন্ধ রাখার পেছনে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি কাজ করেছে। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই এবং ঝুঁকি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়। এ পরিস্থিতিতে সম্ভাব্য হ্যাকিংয়ের ঝুঁকি এড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান সতর্কতা জোরদার করে।