ফিডব্যাকের লুমিন প্রকাশ করলেন নতুন গান
ফিডব্যাক-এর অন্যতম ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন।
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ২০:১৮
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক-এর অন্যতম ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন, যিনি শ্রোতাদের কাছে শুধু ‘লুমিন’ নামেই পরিচিত, এবার হাজির হয়েছেন নতুন একক গানে। দীর্ঘদিন ধরে স্টেজ শো এবং ব্যান্ডের গান নিয়েই ব্যস্ত থাকার পাশাপাশি এই শিল্পী একক গানেও মনোযোগি। ইতোমধ্যে ২০টিরও বেশি একক গান প্রকাশ পেয়েছে তার।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় লুমিনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুমিন অফিসিয়াল’–এ প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘কে’। গানের কথা, সুর, সঙ্গীতায়োজন ও ভিডিও নির্মাণ করেছেন রাজিব হোসেন। গানটিকে লুমিন বর্ণনা করেছেন “স্যাড রোমান্টিক” ঘরানার, যেখানে আবেগী কথার সঙ্গে সুর ও সঙ্গীতায়োজনের সুন্দর মেলবন্ধন ঘটেছে।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লুমিন বলেন, ‘এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথাগুলো অসাধারণ। কথার আবহের সঙ্গে মিল রেখে রাজিব হোসেন অসাধারণ সুর ও সঙ্গীতায়োজন করেছেন। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে।’
২০০৩ সাল থেকে ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন লুমিন। ব্যান্ডের বাইরেও তার কিছু জনপ্রিয় একক গান রয়েছে। গত কোরবানির ঈদে প্রকাশ করেছিলেন ‘লাগ ভেল্কি লাগ’ শিরোনামের গান, যার সুর ও সঙ্গীতায়োজনও করেছিলেন রাজিব হোসেন।
