ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফ্যাশন

পছন্দের পাঞ্জাবি

পছন্দের পাঞ্জাবি
×

তৌফিক অপু

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ | ২৩:৫২

ঈদে পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি। আরাম এবং কমফোর্টের বিষয়টি বিবেচনায় পোশাকটি অনেকটাই এগিয়ে। সময়ের বিবর্তনে অন্যসব পোশাকের পাশাপাশি পাঞ্জাবির কাটছাঁটে এসেছে বেশ পরিবর্তন। ঈদে প্রিয় পাঞ্জাবি নিয়ে লিখেছেন তৌফিক অপু

আধুনিক পোশাক অনুষঙ্গে ঈদে পুরুষের অন্যতম পরিধেয় পাঞ্জাবি। ফ্যাশন হাউস বা ব্র্যান্ড শপগুলোতে এরই মধ্যে চলে এসেছে নতুন ডিজাইনের সব কালেকশন। সেই সঙ্গে জমে উঠেছে পাঞ্জাবির কেনাবেচা। রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বড় শপিংমলগুলোতে ক্রেতারা ঢুঁ দিচ্ছেন। খুঁজে নিচ্ছেন প্রিয় পাঞ্জাবি। এবারও বেশ লম্বা পাঞ্জাবিগুলোই সবাই পছন্দ করছেন। আরামদায়ক সুতি কাপড়ের পাশাপাশি তাঁত-সিল্ক্কও বেছে নিচ্ছেন ফ্যাশন-সচেতন তরুণরা। আর তরুণদের কথা মাথায় রেখেই সাদার পাশাপাশি উজ্জ্বল লাল, মেরুন, হলুদ, সবুজ রঙের পাঞ্জাবি রয়েছে হাউসগুলোতে।
বিগত কয়েক বছর রোজার ঈদটাও যেন সাদামাটাভাবে কেটে গেছে। কিন্তু এ বছরের পরিস্থিতি ভিন্ন। লকডাউন শৃঙ্খল আজ বাঁধা নেই পায়ে। তাই তো কাজের তাগিদে মানুষ ছুটে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তর। এরই মাঝে হাজির হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর।

তাই এবারের ঈদে এক ভিন্ন আমেজ কাজ করছে সবার মনে। প্রত্যেক ঘরে ইতোমধ্যে শুরু হয়ে গেছে ঈদ পালন প্রস্তুতি। আর এই ঈদ আনন্দে সবচেয়ে বড় আনন্দ যেন পোশাক কেনাকাটায়। পোশাকের এ তালিকায় শীর্ষে থাকে পাঞ্জাবি। এ ব্যাপারটি মাথায় রেখে প্রত্যেকটি ফ্যাশন আউটলেট সেজেছে ঈদের এক্সক্লুসিভ পাঞ্জাবিতে। নিত্যনতুন ডিজাইন এবং বাহারি রঙের পাঞ্জাবি শোভা পাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে। ঈদের সকালে পাঞ্জাবি না হলে যেন ঈদটাই মাটি হয়ে যায়। তাই ছোট-বড় সবার ঈদের প্রথম পছন্দের পোশাক হচ্ছে পাঞ্জাবি।

ফ্যাশন আউটলেটগুলো থেকে শুরু করে অনলাইন পেজগুলো পর্যন্ত দেশি-বিদেশি পাঞ্জাবির সমাহার ঘটিয়েছে। তবে আশাব্যঞ্জক দিক হচ্ছে, অন্যান্য পোশাক যেমন দেশীয় পোশাকের চেয়ে বিদেশি পোশাকের চাহিদা বেশি থাকে, পাঞ্জাবির ক্ষেত্রে ঠিক তার উল্টো। এখন পর্যন্ত দেশীয় পাঞ্জাবির চাহিদা সর্বাধিক। আর এ সময়টাতে দেশীয় কটন, এন্ডি কটন কিংবা এন্ডি সিল্ক্কের মতো কাপড়ের তুলনা নেই। চমৎকার দেখতে এবং আরামদায়ক। দুই বছর করোনাকাল কাটিয়ে এ বছর অনেকটাই স্বাভাবিক। যে কারণে পোশাকের বাজার এবার সরগরম। ডিজাইনেও এসেছে নতুনত্ব। বাবা সন্তানের ম্যাচিং পাঞ্জাবিও দ্যুতি ছড়াচ্ছে অন্যরকমভাবে। তারুণ্যের পছন্দসই পাঞ্জাবি এনেছে ফ্যাশন হাউস ডিমান্ড। প্রতিষ্ঠানটির কর্ণধার রাসেল মাহমুদ বলেন, আমরা সবসময় ক্রেতাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে পোশাক তৈরি করে থাকি। তবে এবারের পাঞ্জাবি, টি-শার্ট ও পলোতে থাকছে ভিন্নতা। ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে ফ্লোরাল মোটিফ এবং জিওমেট্রিক ডিজাইন। কাজের ক্ষেত্রে কারচুপির বেশি থাকছে, যা তারুণ্যের পাঞ্জাবিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। দামও থাকছে হাতের নাগালে। এবারের অন্যতম আকর্ষণ হচ্ছে বাবা-ছেলের ম্যাচিং পাঞ্জাবি ও কাবলি।

প্রচণ্ড গরম ও উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। তাই পোশাকের ফেব্রিক নির্বাচনও করা হয়েছে আবহাওয়ার কথা মাথায় রেখে। কটন, এন্ডি কটন, এন্ডি সিল্ক্ক, মসলিন কাপড় ব্যবহূত হয়েছে এবারের ঈদ পোশাকে। নতুন ডিজানের পোশাকে এবারের উৎসবের আকাশ যেন আরও রঙিন হয়ে উঠবে। ছন্দপতনের পোশাক ব্যবসায় ফিরছে ছন্দ। এ আনন্দও যেন ঈদের খুশিকে বাড়িয়ে তুলবে বহুগুণে। তাই পোশাকশিল্পের মানুষ আজ তাদের শৈল্পিক পণ্য নিয়ে হাজির হয়েছে ক্রেতাদের কাছে। অপেক্ষা পছন্দের পণ্যটি ক্রেতাদের হাতে তুলে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার। আনন্দের এ ছটা আজ ছড়িয়ে পড়েছে চারদিক। ঈদ আনন্দ সবার জীবনে সমানভাবে ধরা দিক। দেশের ব্র্যান্ড শপ বা ফ্যাশন হাউসগুলোতে এসেছে পাঞ্জাবির বিশাল কালেকশন। আর দামও খুব আকাশচুম্বী নয়। তাই পছন্দমতো পাঞ্জাবি পেয়ে যাবেন শপগুলোতে। ব্র্যান্ডভেদে পাঞ্জাবি মিলবে ১২০০ থেকে পাঁচ হাজার টাকায়। অফলাইন স্টোরের পাশাপাশি অনলাইন এবং ফেসবুক বিভিন্ন পেজ থেকেই কিনতে পারবেন পাঞ্জাবি। ছেলেদের স্টাইলিশ পাঞ্জাবি এনেছে সেইলর, ডিমান্ড, জেন্টল পার্ক, ক্যাটস আই, ওটু, দর্জিবাড়ি, ইয়োলো, কে-ক্র্যাফটসহ বিভিন্ন ফ্যাশন হাউস।
ছবি ও পোশাক :ডিমান্ড

আরও পড়ুন

×