রঙিন বইয়ে রাঙিয়ে তোলো ছুটির দিন
ফাহমিদা রিমা
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
ফড়িং সোনা, বৃষ্টির দিনে হুটহাট ছুটি পড়ে স্কুলে। বাইরেও তেমন যাওয়া হয় না। তা হঠাৎ ছুটি পাওয়া দিনকে রাঙিয়ে তুলতে পারো বইয়ের সঙ্গে। বাংলাদেশ শিশু একাডেমি থেকে নতুন করে প্রকাশিত এমন কিছু মন রাঙানো বইয়ের খোঁজ দিচ্ছেন ফাহমিদা রিমা
বৃষ্টির দিন। গাছে পেয়ারা ধরারও দিন। এমন দিনে কাঠবেড়ালির দেখাও পাওয়া যায় নিশ্চয়ই! আর কাঠবেড়ালি দেখলে তোমাদের সেই বিখ্যাত ছড়াটি মনে পড়ে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের; অই যে–খুকি ও কাঠবেড়ালি ছড়াটি? মনে পড়ারই কথা! এই মনে পড়া দিনে তোমাদের একটি মজার খবর দিই, ‘খুকি ও কাঠবিড়ালি’র ছড়ার বইটি তোমাদের জন্য নতুন করে প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি। ১৯৭৭ সালের অক্টোবর মাসে বইটি প্রথম প্রকাশ করেছিল শিশু একাডেমি। এরপর ১৯৭৯ সালে দ্বিতীয় মুদ্রণের পর এবার ২০২৬ সালে বইটির তৃতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে।
আর কবি আল মাহমুদের ‘পাখির মতো’ ছড়াটিও তো তোমরা পড়েছো। অই যে–
‘আম্মা বলেন, পড়রে সোনা
আব্বা বলেন, মন দে;
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।’
এই ছড়াসহ আল মাহমুদের বিখ্যাত সব ছড়া নিয়ে ১৯৮০ সালের জুনে বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল ‘পাখির কাছে ফুলের কাছে’ শিরোনামের বইটি। এই মজার বইটিও নতুন করে প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি।
‘মাটির পুতুল’ শিরোনামের গল্পের বইটি লিখেছেন আল মুজাহিদী। এই বইটি ২০০২ সালের নভেম্বরে প্রথম প্রকাশের পর এবার নতুন করে দ্বিতীয় বার প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি।
এই তিনটি বইয়ের মতো আরও ৯টি বই নতুন করে প্রকাশ করেছে তোমাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি।
এই বইগুলো কেবল তোমাদের জন্যই লেখা। গল্প আর ছড়াগুলো পড়লে মনে হবে তোমার আশপাশের কোনো ঘটনা কিংবা তোমার স্বপ্নের কোনো চরিত্রকে নিয়েই লেখা। আবার তুমি যা ভাবো তাও খুঁজে পেতে পারো এই বইগুলোতে। বইগুলো পাওয়া যাবে বাংলাদেশ শিশু একাডেমির বিক্রয় কেন্দ্রগুলোতে। পড়ে জানিও আমাদের, কেমন লাগলো, ঠিক আছে?
- বিষয় :
- বই
