দিল্লির পর এবার সিএএ বিক্ষোভ মেঘালয়ে, নিহত ১
মেঘালয়ে বিক্ষোভ-আনন্দবাজার পত্রিকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০২:১২
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে টানা চারদিন ধরে সহিংসতায় দিল্লিতে প্রাণ গেছে ৪২ জনের। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও এখনও সেখানে ১৪৪ ধারা চলছে। দিল্লির এমন পরিস্থিতির মধ্যেই এবার সিএএ নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে মেঘালয়ে। সেখানে খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) এবং অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেঘালয়ের ছয়টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কারফিউ জারি করা হয়েছে শিলংসহ একাধিক জায়গায়। খবর আনন্দবাজার পত্রিকার
সীমান্ত সংলগ্ন জনজাতিপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বাইরে থেকে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অনুমতি লাগে, যা ইনার লাইন পারমিট (আইএলপি) হিসেবে পরিচিত। সিএএ চালু হলে এই ইনার লাইন পারমিট প্রথার উপর প্রভাব পড়বে বলে আশঙ্কা সেখানকার বাসিন্দাদের।
শুক্রবার এ নিয়ে পূর্ব খাসি পার্বত্য অঞ্চলের ইছামতী এলাকায় বিশেষ বৈঠক চলছিল কেএসইউ এবং অ-জনজাতি প্রতিনিধিদের মধ্যে। তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালীন বাজার সংলগ্ন একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ চালকালীন লুরশাই হাইনিউতা নামের এক কেএসইউ সদস্যের মৃত্যু হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন একাধিক পুলিশকর্মীও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলংসহ একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় পূর্ব জয়ন্তিয়া, পশ্চিম জয়ন্তিয়া, পূর্ব খাসি, রি ভই, পশ্চিম খাসি এবং দক্ষিণ-পশ্চিম খাসি পার্বত্য এলাকায়।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন-শৃঙ্খলার বিষয়ে নজর রাখতে একাধিক জায়গায় নামানো হয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)।
