ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর

সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর
×

দক্ষিণ লেবাননের একটি হাসপাতালে হামলা করেছে ইসরায়েল। ছবি: কাওনাত হাজু / এএফপি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০২:৫৭

লেবাননে ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে, লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল। উভয় পক্ষের এমন অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত থামানো এবং তেহরানের সঙ্গে শান্তিচুক্তি স্থাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি হওয়া চুক্তিটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহপ্রধান নাঈম কাসেম। হিজবুল্লাহর এই প্রত্যাখ্যানের বিষয়ে ইসরায়েল বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ওয়াশিংটনের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতিকে পূর্বশর্ত হিসেবে রেখেছে ইরান।

এদিকে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন, লেবানন পরিস্থিতির অগ্রগতি হচ্ছে এবং দেশটির শান্তি পাওয়ার অধিকার রয়েছে। ট্রাম্প বলেন, ‘আপনারা তো জানেনই, এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে।’ মার্কিন প্রেসিডেন্টের এমন আশাবাদের মধ্যেও দক্ষিণ লেবাননে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, তাঁদের বাহিনী লেবানন থেকে পিছু হটবে না বা সেখানে সামরিক অভিযানও বন্ধ করবে না। এ পরিস্থিতিতে কুদস ফোর্সের প্রধান সতর্ক করে বলেছেন, ইসরায়েলি বাহিনীকে অবশ্যই যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে যেতে হবে।

লেবাননে হাসপাতাল চত্বরে ইসরায়েলের বিমান হামলা

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা। দক্ষিণ লেবাননের দোয়াইর শহরে রাতে একটি ভবনে আরেকটি বিমান হামলায় একজন নিহত এবং একজন আহত হন। গতকাল শুক্রবার সকালে একটি ড্রোন হামলায় হাবুশ সড়কে একটি মোটরসাইকেলে আঘাত লাগে। এতে একজন আহত হন।

এ অবস্থায় লেবাননের ওপর ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহকে বাদ দিয়ে করা ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

×