ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বুদ্ধিবৃত্তির চর্চায় চাই চিন্তার স্বাধীনতা

বুদ্ধিবৃত্তির চর্চায় চাই চিন্তার স্বাধীনতা
×
×

ওয়াহিদউদ্দিন মাহমুদ

ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৩৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:৩২

| প্রিন্ট সংস্করণ

পুরস্কার হাতে তুলে দেওয়ার দায়িত্ব দেওয়ায় আমি গৌরবান্বিত। সেই সঙ্গে এটাও মনে হয়েছে, আমি আসলে এই কাজের জন্য তো উপযুক্ত ব্যক্তি নই। কারণ, আমি মনে করি আমার সাহিত্যজ্ঞান সীমিত। যদিও সমকালের উপসম্পাদক মাহবুব আজীজ বলেছেন, আমি তাদের কালের খেয়া সাহিত্যপত্রের একজন লেখক। এটা একটু বাড়িয়েই বলা। যাদের হাতে সম্মাননা তুলে দিয়েছি, তাদের মধ্যে আজীবন সম্মাননায় ভূষিত অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের প্রত্যেকের শিক্ষকতুল্য। তাঁর হাতে আমি পুরস্কার তুলে দিতে গিয়ে একটু সংকুচিত হয়েছি। তিনি প্রজন্মের পর প্রজন্মকে তাঁর চিন্তাভাবনা দিয়ে অনুপ্রাণিত করেছেন। সব সময় থেকেছেন প্রাসঙ্গিক। স্যারের প্রবন্ধগুলোর কথা আমরা সবাই জানি। তিনি ব্যাপক ক্যানভাসে ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখাতে পারেন। সেজন্যই তাঁর লেখায় আমরা সবাই আকৃষ্ট হই। আরও যারা পুরস্কৃত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। 

‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ প্রবীণ ও নবীন সবাইকে দেওয়া হয়। নবীনদের পুরস্কার দেওয়া হয় তাদের উৎসাহিত করার জন্য। আর আজীবন পুরস্কার দেওয়া হয় তাদের, যারা নানাভাবে আমাদের বুদ্ধিবৃত্তিক জ্ঞানমনস্ক সংস্কৃতিমনস্ক সমাজ তৈরিতে অবদান রেখে গেছেন। এটি আরও স্পষ্ট হয়েছে, এর আগে যাদের এই সম্মাননা দেওয়া হয়েছে তাদের নামগুলো শোনার পর। সম্মাননা যারা পেয়েছেন তাদের অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের শূন্যস্থান কতটুকু পূরণ হবে, সেটা আমরা জানি না। এ কারণে এই পুরস্কারের জন্য তরুণদের যে বেছে বেছে আবিষ্কার করা হচ্ছে। আমি বলব এটি অত্যন্ত ভালো কাজ। আমাদের দেশে কেন, পৃথিবীর সব জায়গাতে শিল্প-সাহিত্যের চর্চা যারা করেন, তাদের কাছে এটি লাভজনক পেশা নয় কিছু ব্যতিক্রম ছাড়া। সৃজনশীলতার তাড়নায় মূলত তারা সৃষ্টি করেন। তাই তাদের ন্যূনতম একটি স্বীকৃতি হলেও দিতে হবে। এ ক্ষেত্রে সরকারের যেমন ভূমিকা থাকা উচিত পৃষ্ঠপোষকতায়, তেমনি বেসরকারি খাতে করপোরেট সেক্টরের এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া উচিত। ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ এর উদাহরণ। সরকারি খাতের যে পুরস্কার, যে সহায়তা বা পৃষ্ঠপোষকতা, সেটা অনেক সময় সংকীর্ণ দলীয়করণের দিকে চলে যায়। সাহিত্যের সৃষ্টিশীল জগতে তো আমরা এ ধরনের বিভাজন চাই না। অন্যদিকে বুদ্ধিবৃত্তির চর্চায় চিন্তার স্বাধীনতার সম্পূর্ণ নিশ্চয়তা অবশ্যই আমাদের প্রয়োজন। 

শিল্প-সাহিত্যের ক্ষেত্রে সরকারের দিক থেকে অনেক রাষ্ট্রীয় পুরস্কার আছে। কিন্তু বেসরকারি খাতে আমার মনে হয়, ব্র্যাক ব্যাংক ও সমকালের এই সাহিত্য পুরস্কার সরকারি-বেসরকারি সব মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথাটা এ কারণে আমি বলব যে, রাষ্ট্রীয় পুরস্কারগুলো যথাযথই দেওয়া হয়, তবুও সেটি দিতে গেলে অনেক ধরনের বিবেচনা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে– আমরা সবাই সেটা জানি। কিন্তু ব্র্যাক ব্যাংক ও সমকালের এই যে সাহিত্য পুরস্কার প্রদানে সে ধরনের কোনো দ্বিধা কাজ করেনি। নির্দ্বিধায় তারা মূল্যায়ন করে যাদের পুরস্কৃত করা দরকার তাদেরই করেছেন। এখানেই এর সার্থকতা। 
 

আরও পড়ুন

×