আন্তর্জাতিক পুরস্কারের মানদণ্ড অনুসৃত হয়েছে
ফয়জুল লতিফ চৌধুরী
ফয়জুল লতিফ চৌধুরী
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:৩৭
| প্রিন্ট সংস্করণ
জুরি বোর্ডের সদস্যরা মিলে নিরপেক্ষভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে মোট ৩৪টি বই মূল্যায়ন করেছি। বইগুলো যাচাই করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক পুরস্কারের মানদণ্ড অনুসরণ করে প্রতিটি শাখার জন্য আলাদা সূচক ও মাপকাঠি নির্ধারণ করেছিলাম। কথাসাহিত্যের ক্ষেত্রে কাঠামোগত বিন্যাস, কাহিনির গভীরতা, চরিত্রায়ণ, নতুনত্ব, বিষয়ভাবনা ও ভাষাশৈলীর উপস্থাপনা বিচার করে আমরা আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস এবং তরুণ সাহিত্যিক হিসেবে মাহবুব ময়ূখ রিশাদের বইটিকে নির্বাচন করেছি। গবেষণাধর্মী গ্রন্থের ক্ষেত্রে আমরা মূলত তথ্যের বিশাল ব্যাপ্তি, মৌলিকতা, কাঠামোগত শৃঙ্খলা ও বিশ্লেষণাত্মক গভীরতা কতটুকু তা খতিয়ে দেখেছি।
কবিতার বইয়ের ক্ষেত্রে আমরা কাব্যালংকার, কাঠামো ও ছন্দ, শব্দচয়ন এবং নতুনত্ব, আবেগের শুদ্ধতা ও মননশীলতা এবং সামগ্রিক শিল্পোত্তীর্ণতার মতো মোট পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে ২০ শতাংশ করে নম্বর প্রদান করেছি। তরুণ সাহিত্যিক ক্যাটেগরিতে কবি নিজাম বিশ্বাস তাঁর কবিতার বইয়ের জন্য পুরস্কৃত হয়েছেন।
অন্যদিকে আত্মকথন ও আত্মজীবনীমূলক বইয়ের ক্ষেত্রে বিশ্বস্ততা, অকপটতা, অন্তর্সংগতি, আত্মজীবনীমূলক বৈশিষ্ট্যের মাত্রা, ধারাবাহিকতা, ঐতিহাসিক মূল্য ও গদ্যশৈলীর প্রাঞ্জলতা যাচাই করা হয়েছে। এই মানদণ্ডে বিচার করে নাসরীন জাহানের আত্মজীবনীমূলক গ্রন্থটিকেও আমরা মূল্যায়ন করেছি। মূল্যায়িত গ্রন্থগুলোর ভেতর নিজাম বিশ্বাসের ‘জলমাকড়ের নৌকাবাইচ’, আবুল আহসান চৌধুরীর ‘বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ‘সময় বহিয়া গেল’, মাহবুব ময়ূখ রিশাদের ‘সায়ানাইড ফুল’, শাহীন আখতারের ছোটগল্প সংকলন ‘মানচিত্র’ এবং নাসরীন জাহানের আত্মকথন ‘পালকের চিহ্নগুলো’ গ্রন্থ ক’টি বিশেষভাবে উল্লেখ্য।
পুরো আয়োজনের সবচেয়ে গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ দিকটি হলো– যাঁকে আমি জাতির বিবেক বলে মনে করি, সেই শ্রদ্ধেয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার লেখালিখির সাধনা ও সাহিত্যচর্চার অনন্য স্বীকৃতিরূপে আজীবন সম্মাননা পেয়েছেন।
জুরি বোর্ডের পক্ষ থেকে বলতে চাই, আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে সাহিত্যের অন্তর্মূল্য ও হৃদয়ের স্পন্দনকে অনুধাবন করে এই বিচারকার্য পরিচালনা করেছি। আশা করি, আগামীদিনে প্রকাশকরা আরও উন্নত মানের বই প্রকাশ করবেন। সঠিক নিয়মে বই জমা দিতে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকছে। অসুস্থ লেখকদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বিজয়ী সকল লেখককে আন্তরিক অভিনন্দন।
- বিষয় :
- গল্প