ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইতিহাসের জ্ঞান প্রয়োজন

ইতিহাসের জ্ঞান প্রয়োজন
×
×

আবুল আহসান চৌধুরী

আবুল আহসান চৌধুরী

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৪৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:৪০

| প্রিন্ট সংস্করণ

যে কোনো পুরস্কার বা সম্মাননা সম্পর্কে এখন মানুষের মনে সন্দেহ ও প্রশ্ন থাকে। প্রশ্নটা হলো, পুরস্কারটা তদবিরে প্রদত্ত নাকি অবদানে অর্জিত। ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার নিরপেক্ষভাবে নির্বাচিত জনকে দেওয়া হয়ে থাকে। আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত বোধ করছি। 

অবক্ষয় ও পুরস্কার-পদক নিয়ে নানা ধরনের বিতর্কের ভেতর দিয়ে যে স্বচ্ছ প্রক্রিয়ায় ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার প্রদান করা হলো, এটি আমার জন্যে আনন্দের, প্রেরণার। এই প্রেরণা কাজ করতে আরও শক্তি জোগাবে বলে মনে করি। সমকাল ও ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানাই। তারা যে সাহিত্যের পৃষ্ঠপোষকতা করছে, সেটি একটি ইতিবাচক দিক।  

আমি পঞ্চাশ পেরিয়ে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলাম। এবারে সত্তর পেরিয়ে প্রায় পঁচাত্তর স্পর্শ করে ব্র্যাক ব্যাংক-সমকাল পুরস্কার লাভ করলাম। সমকাল পত্রিকার সঙ্গে লেখক হিসেবে আমার দীর্ঘকালের সম্পর্ক। এবার এই পুরস্কার পাওয়ার ভেতর দিয়ে আমি সমকাল পরিবারের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলাম। ব্র্যাক ব্যাংক এবং সমকাল পত্রিকার কর্তৃপক্ষকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

লেখালিখির বাইরে একসময় আমি তুখোড় আড্ডাবাজ ছিলাম। আড্ডা দিতে খুব পছন্দ করতাম। আড্ডার মাধ্যমে অনেক কিছু শিখেছি। ইতিহাস জ্ঞান ছাড়া কোনো ঘটনা, যুগ বা কালকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা সম্ভব হয় না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ– এ দুটি আন্দোলন ও সংগ্রাম ছাড়া বাঙালির জাতি-রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। তরুণ লেখকদের প্রতি যে কথাটি আমি ধার করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে, সেটি হলো: “যদি লিখে শিল্প সৃষ্টি করতে পারেন অথবা লিখে লোককল্যাণ করতে পারেন তবেই লিখবেন, নয়তো লিখবেন না।” আমি মনে করি যে এই মহাজন বাক্যটি অনুসরণীয়। আজ আমরা সৃজনশীল সাহিত্য বলি কিংবা মননশীল সাহিত্যই বলি, ভারি সংকটের ভেতরে আছে। প্রতিভার বিকাশ যথাযথভাবে হচ্ছে না, সেটা একটা দিক। আবার চর্চা ও অনুশীলনেও অনীহা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আরেক দিক। যদি এ দুটো কাটিয়ে ওঠা যায়, নবীন লেখকদের তরফ থেকে সম্ভাবনা আরও প্রকাশিত, বিকশিত হতে পারবে। তরুণ ও নবীন লেখকদের পথচলা যদি সুগম না হয়, তারা বাঁধানো সড়ক দিয়ে হাঁটতে না পারে, তাহলে আমাদের সাহিত্যের ভবিষ্যৎ উজ্জ্বল– এ কথা হয়তো আমরা বলতে পারব না। 

আরও পড়ুন

×