এআই নির্ভরতা বনাম সৃজনশীলতা
আয়শা আক্তার
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা একজন ব্যক্তিগত সহকারীর মতো কাজ করছে। এর সাহায্যে মুহূর্তের মধ্যেই আমরা লেখার ভুলত্রুটি সংশোধন করতে পারি, বাক্যকে আরও সাবলীল করতে পারি, ভাষাগত ও ব্যাকরণগত ভুল ঠিক করতে পারি। কোনো কঠিন বিষয় সহজভাবে বুঝে নিতে পারি, নতুন ধারণা পেতে পারি, এমনকি কোনো বিষয় নিয়ে চিন্তা শুরু করার জন্য প্রাথমিক দিকনির্দেশনাও পেতে পারি। নিঃসন্দেহে এসব সুবিধা আমাদের অনেক সময় ও পরিশ্রম বাঁচিয়ে দেয়। তাহলে প্রশ্ন আসতেই পারে–সমস্যাটা আসলে কোথায়?
সমস্যাটা তৈরি হয় তখনই, যখন আমরা এআই-কে ব্যবহার করার পরিবর্তে এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্যটাই-বা কোথায়?
ধরা যাক, আমি কোনো একটি বিষয়ে নিজের জ্ঞান ও চিন্তাভাবনা থেকে একটি লেখা তৈরি করলাম। এরপর এআইয়ের সাহায্য নিয়ে লেখাটির বানান ও ব্যাকরণগত ভুল সংশোধন করলাম, কোথাও বাক্য অস্পষ্ট হলে সেটিকে আরও সাবলীল করে নিলাম কিংবা কোনো অংশ আরও সুন্দরভাবে উপস্থাপন করার পরামর্শ নিলাম। এটি হলো এআইয়ের ব্যবহার। এখানে মূল চিন্তা, মতামত এবং লেখাটি আমার; এআই কেবল আমাকে লেখাটিকে আরও পরিমার্জিত করতে সাহায্য করেছে।
বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে এআইয়ের ব্যবহার সবচেয়ে বেশি চোখে পড়ে। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, গবেষণার জন্য তথ্য খোঁজা, অনুবাদ, এমনকি পরীক্ষার প্রস্তুতিতেও শিক্ষার্থীরা এআইয়ের সাহায্য নিচ্ছে। আগে আমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজতাম বই, শিক্ষক কিংবা বিভিন্ন ওয়েবসাইটে। এখন এআইয়ের মাধ্যমে খুব অল্প সময়েই একটি বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব।
আয়শা আক্তার: শিক্ষার্থী, ফরাসি ভাষা ও সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়
[email protected]
- বিষয় :
- প্রযুক্তি