বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকের তলব
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২০:৫৫
অনিয়ম, দুর্নীতির অভিযোগে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিক চিঠিতে তাকে আগামী ২৯ জুন ঢাকার সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে।
চিঠিতে বলা হয়, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। আগামী ২৯ জুন দুপুর ৩টায় তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপিসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
আইন-২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর বিধি ৮ অনুযায়ী ও ফৌজদারি কার্যবিধির ধারা ১৪ ও ১৬০ মোতাবেক তার কাছে চিঠি পাঠানো হয়েছে।
