ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

পল্লবীর সেই শিশু হত্যার আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ

পল্লবীর সেই শিশু হত্যার আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ
×

আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২১:২১

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের পক্ষে মামলা পরিচালনায় সরকারিভাবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার আইনজীবী নিয়োগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঞা। তিনি বলেন, আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এগুলো সম্পন্ন হলেই হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হবে।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এ নির্দেশের পর আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হলো।

গত ১৯ মে পল্লবীর দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ শেষে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন সোহেল রানা। এ কাজে সহায়তা করেন তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। গত ৭ জুন অপরাধের গভীরতা বিবেচনা করে দুজনকেই মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ের দুদিন পর ৬৯ পৃষ্ঠার নথিসহ যাবতীয় কাগজপত্র যায় হাইকোর্টে। এর পর কনডেম সেল থেকে আসামিরা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

আরও পড়ুন

×