ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০, জনসংখ্যা সাড়ে ১৬ লাখ: সংস্কৃতিমন্ত্রী

দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০, জনসংখ্যা সাড়ে ১৬ লাখ: সংস্কৃতিমন্ত্রী
×

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২১:২৯

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০। জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তফসিলভুক্ত এবং অন্যান্য নৃ-গোষ্ঠীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

বৃহস্পতিবার সংসদে বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৯ দশমিক ২৯ শতাংশ চাকমা। তাদের সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ২৯৯ জন। মারমা ১৩ দশমিক ৫৯ শতাংশ। সংখ্যায় ২ লাখ ২৪ হাজার ২৬১ জন।

মন্ত্রী জানান, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন বাস করেন। এর মধ্যে রাঙামাটিতে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ দশমিক ৬০ শতাংশ বসবাস করেন। যেখানে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৮৬৪ জন। খাগড়াছড়িতে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২১ দশমিক ১৭ শতাংশ বসবাস করেন। তাদের জনসংখ্যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮ জন। বান্দরবানে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২ শতাংশ বসবাস করে। জনসংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৯৭৫ জন। 

কুড়িগ্রাম-১ আসনের সংসদ মো. আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও মাদকের হাত হতে রক্ষা এবং সুস্থ সংস্কৃতি বিকাশে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে ৬৪ জেলার ৩৬৮টি উপজেলা-থানায় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী জানান, সংগীত ও চারুকলার চর্চা বৃদ্ধিতে নতুন শিক্ষাক্রমে ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×