ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাভারে কলেজ সভাপতি এমপির স্ত্রীর নিয়োগ হাইকোর্টে স্থগিত

সাভারে কলেজ সভাপতি এমপির স্ত্রীর নিয়োগ হাইকোর্টে স্থগিত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০১:২০

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের নিয়মিত গভর্নিং বডির মেয়াদ প্রায় ৯ মাস বাকি থাকা অবস্থায় স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নিয়োগ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। 

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত সোমবার রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।

গতকাল মঙ্গলবার রিটকারী পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সে অনুযায়ী, উক্ত কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল। তবে মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত সভাপতি পরিবর্তনের আদেশ আসে। নতুন সভাপতি করা হয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে।

এরপর শিহাব উদ্দিন খানের পক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং কলেজ পরিদর্শক বরাবর আইনি নোটিশ পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি পরিবর্তনের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে সাবিনা সিদ্দিকাকে নিয়োগের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।

রিট আবেদনের বিবাদীরা হলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এবং সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

আরও পড়ুন

×