ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সারাবছরই চুল পড়ার সমস্যায় ভুগছেন? মেনে চলুন কিছু নিয়ম

সারাবছরই চুল পড়ার সমস্যায় ভুগছেন? মেনে চলুন কিছু নিয়ম
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৭:০৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ১৭:১৭

কমবেশি সবাই চুল নিয়ে নানা সমস্যায় ভোগেন।  চুলের সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় চুল পড়ার সমস্যা। অনেকের চুল আবার লম্বায় বেশি বাড়েও না। এসব সমস্যা এড়াতে সহজ কিছু নিয়ম মেনে চলুন। যেমন-

মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে ভালোভাবে তেল ম্যাসাজ করতে হবে। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল।

মাথার তালু এবং চুলের লম্বা অংশে তেল ম্যাসাজ করার সময় জোরে জোরে নয়, বরং আলতো ভাবে ম্যাসাজ করতে হবে। জোরে জোরে ঘষলে চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে। তার ফলে চুল পড়ার সমস্যা বাড়বে।

চুল পড়ার সমস্যা কমাতে চাইলে এবং চুল যাতে সঠিক ভাবে বৃদ্ধি পায় এজন্য খাওয়া-দাওয়ার দিকেও বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ভাজাভুজি খাওয়া বন্ধ করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। খাদ্যতালিকায় প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে চুলে সঠিক মাত্রায় পুষ্টি পৌঁছোবে। ডিম, মাছ- এই দুটো খাবারই আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ।

চুলে শ্যাম্পু করার সময় সতর্ক থাকতে হবে। শ্যাম্পু করার আগে চুলের জট ছাড়িয়ে নিতে হবে। না হলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। নিজের চুলের ধরন অনুসারে শ্যাম্পু বেছে নিতে হবে।

ভেজা চুল আঁচড়ানো একদমই উচিত নয়। এতে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। চুলের সঠিক মাত্রায় বৃদ্ধিতেও বাধা সৃষ্টি করে। তাই চুল শুকিয়ে গেলে তারপরেই চুল আঁচড়াতে হবে।

অনেকেরই অভ্যাস আছে ভেজা চুলে অনেকক্ষণ গামছা কিংবা তোয়ালে পেঁচিয়ে রাখার। কারও কারও আবার ভেজা চুলে বালিশে মাথা রেখে শুয়ে পড়ারও অভ্যাস আছে।  এসব অভ্যাসে চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে এবং চুল পড়ার সমস্যা বাড়তে পারে।

মানসিক অবসাদের কারণেও চুল পড়তে পারে। সেক্ষেত্রে মানসিক চাপ কমাতে হবে। নাহলে চুল পড়ার সমস্যা থাকবে। সঠিক পরিমাণে ঘুম না হলেও চুলের একাধিক সমস্যা দেখা দিতে পারে।

চুল যাতে সঠিকভাবে লম্বায় বৃদ্ধি পায় সেই জন্য নিয়মিতভাবে চুলের আগা ছেঁটে রাখা প্রয়োজন। তাহলে চুল সঠিকভাবে বৃদ্ধি পাবে।
 

আরও পড়ুন

×