ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নকলের ভিড়ে আসল ইলিশ চিনবেন যেভাবে 

নকলের ভিড়ে আসল ইলিশ চিনবেন যেভাবে 
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৩:১৮

বাজারে সবসময় যে আসল ইলিশ পাওয়া যায় তা নয়। ইলিশের নামে দেদারসে বিক্রয় হয় সার্ডিন, পানসা, খয়রা, চৌক্কা ও চাপিলার মতো মাছ। তাই ইলিশ কেনার আগে তা খাঁটি ও আসল কিনা জেনে নেওয়া জরুরি।

আসল ইলিশ চেনার উপায়
 
আকার, গঠন, গন্ধ ও শারীরিক বৈশিষ্ট্যের বিচারে সার্ডিন ও খয়রা মাছ থেকে ইলিশ সম্পূর্ণ আলাদা। অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইলিশের মতো দেখতে এই ছোট সামুদ্রিক মাছগুলো ইলিশ বলে বিক্রয় করলেও, এদের সহজে চেনার উপায় রয়েছে। ইলিশের আকৃতি বেশ বড় হয়, দৈর্ঘ্য প্রায় ৬০ থেকে ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এর পিঠ ও পেটের দিক সমানভাবে গোলাকৃতি ও পুরু হয়। 

সার্ডিন মাছ আকারে বেশ ছোট হয়, লম্বায় বড়জোড় ৭ থেকে ২০ সেন্টিমিটার হয়। এর পেটের দিকটা কিছুটা ফোলা ও চ্যাপ্টা হলেও পিঠের দিক লেজ পর্যন্ত প্রায় সমান্তরাল থাকে। চোখের আকার ইলিশের চেয়ে বড় হয়। খয়রা মাছ আকারে ছোট এবং ইলিশের চেয়ে পাতলা হয়। এর পেটের দিকটা পিঠের তুলনায় অনেক বেশি ফোলা থাকে এবং চোখ বড় হয়। মাথার দিকটা ছোট ও ভোঁতা হয়।

কাঁচা বা রান্না করা ইলিশের একটি নির্দিষ্ট, মিষ্টি ও তীব্র নিজস্ব সুগন্ধ থাকে। সার্ডিন ও খয়রা মাছগুলোতে ইলিশের সেই চেনা গন্ধ থাকে না। টাটকা ইলিশের লেজ ও পিছনের পাখনা পরিষ্কার ও উজ্জ্বল রঙের হয়। সার্ডিন ও খয়রা মাছের পাখনা ও লেজ কিছুটা ময়লাটে বা ঘোলাটে ধরনের দেখায়।

ইলিশ মাছ কেনার সময়ে প্রথমে লক্ষ রাখতে হয় এটি উজ্জ্বল কিনা এবং শরীরে রুপালি ভাব আছে কিনা। যে ইলিশ মাছ যত বেশি উজ্জ্বল এবং শরীরের রূপালি ভাবে রয়েছে সেই ইলিশ তত সুস্বাদু। ইলিশ মাছ টাটকা রয়েছে কিনা তা বোঝারও উপায় আছে। যদি ইলিশ মাছ শক্ত থাকে, তাহলে বুঝবেন মাছটি টাটকা অবস্থায় রয়েছে। আবার যদি কোনো ইলিশ মাছ অত্যন্ত নরম হয় কিংবা হাতে নেওয়ার পরেই মাথা কিংবা লেজ ঝুলে যায়, তাহলে বুঝবেন সেটি অনেক পুরনো। এই মাছে তেমন স্বাদ পাবেন না।

ইলিশ মাছের শরীর সাধারণত পটলের মতো হয়। মাথা, লেজ সরু থাকে এবং পেট মোটা হয়। ইলিশ মাছ কেনার সময়ে কানকো দেখে নিন। মাছের কানকো লাল থাকলে বোঝা যাবে মাছটি টাটকা। যদি কানকো বাদামি কিংবা ধূসর হয়ে যায় তাহলে বোঝা যাবে মাছটি মোটেও তাজা নয়।

সরু মুখের ইলিশ মাছের স্বাদ বেশি। আবার নীল, স্বচ্ছ কিংবা উজ্জ্বল চোখের ইলিশের স্বাদ অনেক বেশি থাকে। আবার অনেক ইলিশের চোখ ভিতরের দিকে ঢুকে থাকে। সাধারণত হিমঘরে রাখলে মাছ এমন হয়ে যায়। সেই মাছে স্বাদ ততটা ভালো হয় না।

আরও পড়ুন

×