ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমকালীন প্রসঙ্গ

গণপরিবহনে নারীর লড়াই

গণপরিবহনে নারীর লড়াই
×

রাজধানীতে গণপরিবহনে নারী হেনস্তার সাম্প্রতিক ঘটনা সামাজিক মাধ্যমের কল্যাণে অনেকেই দেখেছেন

মাহফুজুর রহমান মানিক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৮:৩৬

রাজধানীতে গণপরিবহনে নারী হেনস্তার সাম্প্রতিক ঘটনা সামাজিক মাধ্যমের কল্যাণে অনেকেই দেখেছেন। বাসের হেলপার যেভাবে নারীর পোশাক ধরে মন্তব্য করেছেন, এর সূত্র ধরেই প্রতিবাদী হয়ে ওঠেন নারী। অনেকে হয়তো প্রতিবাদ করেন না, সয়ে যান। কারণ নারীবান্ধব নিরাপদ পরিবেশ আমরা নিশ্চিত করতে পারিনি। সে জন্য পদে পদে নারীরা হেনস্তার শিকার হন। মোহম্মদপুরে রমজান বাসে ঘটনাটি ঘটে প্রায় সপ্তাহখানেক আগে। পরে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করার পর তা আলোচনায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনী হেলপারকে গ্রেপ্তার করে। 

কাজের প্রয়োজনেই নারীদের চলাচল করতে হয়। কর্মক্ষেত্র, অফিস-আদালত কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য নারীর পরিবহনের প্রয়োজন হয়। রাজধানীর পরিবহন নাগরিকবান্ধব নয়, নারীবান্ধব তো নয়ই। অবস্থা এমন– গণপরিবহনে তারাই সাধারণত চলাচল করেন, যাদের ব্যক্তিগত গাড়ি নেই; যাদের সিএনজিচালিত ট্যাক্সি কিংবা রিকশা ভাড়া করার মতো সামর্থ্য নেই, কিংবা সামর্থ্য থাকলেও এগুলোয় যাওয়ার অবস্থা নেই; তারা বাধ্য হয়েই গণপরিবহন ব্যবহার করেন। বলা চলে অধিকাংশ মানুষের অবস্থাই এ রকম। আমাদের গণপরিবহনে নৈরাজ্যের কথা তো বলার অপেক্ষা রাখে না। জনসংখ্যার তুলনায় গণপরিবহন খুবই কম। ফলে এখানে প্রতিনিয়তই শক্তি প্রদর্শন করতে হয়। সংখ্যায় এগুলো যেমন অপ্রতুল, তেমনি অনেক সময় পাওয়াও দায় হয়ে দাঁড়ায়। অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসে ওঠেন। পাশাপাশি যানজট তো লেগেই আছে। নারীদের জন্য ঢাকার বাসে চালকের কাছাকাছি সামনের দিকে আলাদা আসন থাকলেও সেগুলো নিরাপদ কিংবা আরামদায়ক নয়।  

গণপরিবহনের এই কাঠামোবদ্ধ সংকটের মধ্যেও মানবিক চালক ও হেলপার হলে তা কিছুটা স্বস্তির কারণ হতে পারত। অনেক সময় আমরা তাদের মানবিক আচরণ দেখি না। যাত্রী যে কোনো শ্রেণি, পেশা, লিঙ্গ কিংবা বয়সের হতে পারে। বাসের চালক, হেলপার কিংবা কন্ডাক্টরকে যেমন যাত্রীর অবস্থান অনুযায়ী সম্মান প্রদর্শন করতে হবে, অনুরূপভাবে যাত্রী আচরণও তাদের প্রতি সহায়ক হওয়া বাঞ্ছনীয়। যাত্রী নারী হলে কোনোভাবেই তাঁর পোশাক নিয়ে কটু কথা বলার সুযোগ নেই। মোহাম্মদপুরের ঘটনায় হেলপার এ বিষয়টি মানেননি। 

সে জন্য গণপরিবহনের মালিকদের বাসের চালক, হেলপার কিংবা অন্যান্য জনবল নিয়োগ দেওয়ার সময় মৌলিক কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। মালিকের পাশাপাশি কর্তৃপক্ষও এ আয়োজন করতে পারে। নারী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাদের যে সমাজিক বৈচিত্র্য তাকে সব নাগরিককেই সম্মান দিতে হবে। নাগরিকবান্ধব কিংবা নারীবান্ধব গণপরিবহন আমরা যতক্ষণ নিশ্চিত করতে না পারব অন্তত আমাদের সহনশীল আচরণ দিয়ে এবং পরস্পরের সহযোগী হয়ে সবাই মিলে চললে সংকট অনেকটাই কেটে যাবে।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
 

আরও পড়ুন

×