ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক

ব্রাজিলে লুলার ঐতিহাসিক বিজয়ের কারণ কী

ব্রাজিলে লুলার ঐতিহাসিক বিজয়ের কারণ কী
×
×

আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ০৭:২৪

| প্রিন্ট সংস্করণ

লুইস ইনাসিও লুলা দা সিলভা এমন এক রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন, যা গত প্রায় চার দশকে ব্রাজিলের আর কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী করতে পারেননি। গত রোববার ৮০ বছর বয়সী এই বামপন্থি প্রেসিডেন্ট চতুর্থবারের মতো জয়ী হয়ে রেকর্ড করেছেন। জেলবন্দি সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর ছেলে, ডানপন্থি সিনেটর ফ্লাভিও বোলসোনারোকে পরাজিত করে তিনি এই জয় ছিনিয়ে নেন।
সিনেটর বোলসোনারো এরই মধ্যে এই ভোট বাতিলের অঙ্গীকার করেছেন এবং বর্ধিত সময়কে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য দায়ী করেন। এখানে এই নির্বাচনের পাঁচটি প্রধান দিক তুলে ধরা হলো–

১. অভূতপূর্ব পুনর্নির্বাচনে লুলার ইতিহাস সৃষ্টি
মাত্র তিন সপ্তাহ আগেও লুলার অবস্থা বেশ শোচনীয় মনে হচ্ছিল। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার ভোটাভুটিতে বর্তমান প্রেসিডেন্টকে পেছনে ফেলে অনেককেই অবাক করে দিয়েছিলেন বোলসোনারো। তিনি পেয়েছিলেন ৪৭ দশমিক ০৩ শতাংশ ভোট। লুলার ঝুলিতে ছিল ৪৫ দশমিক ১৬ শতাংশ। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল ২২ লাখ ভোটের।  এর পরের তিন সপ্তাহ ধরে লুলা প্রথম পর্বে ভোটকেন্দ্রে না যাওয়া ভোটারদের ফিরিয়ে আনার চেষ্টা করেন এবং জীবনযাত্রার ব্যয় ও তাঁর জনপ্রিয় সামাজিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ভোটারদের মন জয় করার নতুন কৌশল নেন।

২. ব্রাজিলের শেষ মুহূর্তের ভোট সময়সীমা বাড়ানো নিয়ে বিভ্রান্তি
রোববার যখন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ পর্যায়ে পৌঁছায়, তখন উভয় দল থেকেই ভোট গ্রহণের সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়। লুলার শিবির বেশ কয়েকটি শহরে ইচ্ছাকৃতভাবে গণপরিবহন সেবা কমিয়ে দেওয়ার জন্য স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে। যার ফলে নিম্ন আয়ের ভোটারদের পক্ষে ভোটকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল।

৩. নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগের জেরে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা
সালভাদর শহরে বাসের রুট ও চলাচল কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগে আদালতের আদেশে শহরের পরিবহন সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। লুলার শিবির এ ধরনের ঘটনাকে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রমাণ হিসেবে দেখিয়েছে। বোলসোনারো বিচারপতি জানিভের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন এবং অতীতে তিনি যে লুলার ব্যক্তিগত আইনজীবী ছিলেন– সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন। 

৪. উচ্চ ভোটার উপস্থিতি লুলার জয়ে সাহায্য করতে পারে
জরিপ সংস্থা অ্যাটলাস ইন্টেলের প্রধান আন্দ্রে রোমানের মতে, প্রথম দফার তুলনায় ভোটারের অনীহা বা অনুপস্থিতি কমার ফলে ভোটার উপস্থিতি আশানুরূপ বেশি ছিল, যা লুলার জয়ে ভূমিকা রাখতে পারে। নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহগুলোতে লুলা তাঁর শ্রমিক শ্রেণির ভোটারদের উজ্জীবিত করার জন্য কিছু অন্তিম প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এর মধ্যে সপ্তাহের ছুটির দিনগুলোতে বিনামূল্যে গণপরিবহন চালুর প্রতিশ্রুতি অন্যতম।

৫. লুলার জয় লাতিন আমেরিকায় ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষাকে জটিল করে তুলবে
লাতিন আমেরিকাজুড়ে যখন ডানপন্থিদের নির্বাচনী বিজয়ের জোয়ার বইছে এবং ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, ঠিক তখনই লুলার এই জয় এলো। বোলসোনারো পরিবার দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমর্থন পেয়ে আসছে। রয়টার্স গত শনিবার জানিয়েছে, ট্রাম্পের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা লুলাকে দুর্বল করতে এবং বোলসোনারো পরিবারকে ক্ষমতায় ফেরানোর চেষ্টার অংশ হিসেবে ব্রাজিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন।
লুলা তাঁর সমর্থকদের ‘সেনাবাহিনী’ হিসেবে অভিহিত করে ভাষণ শেষ করেন। লুলা বলেন, ‘আমার তীব্র সন্দেহ আছে যে রাশিয়া, চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই দেশের গণতান্ত্রিক সেনাবাহিনীর মতো এমন বিজয়ী কোনো বাহিনী আছে কিনা।’

আলজাজিরা থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
 

আরও পড়ুন

×