ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বন্যা মোকাবিলায় সরকার উদাসীন ও নির্লিপ্ত: রিজভী

বন্যা মোকাবিলায় সরকার উদাসীন ও নির্লিপ্ত: রিজভী
×

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৪:১৪

করোনা মোকাবিলায় অব্যবস্থাপনার মতো বন্যা মোকাবিলায়ও সরকার উদাসীন ও নির্লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘সারাদেশে বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি নেই। বরং দিনকে দিন বন্যা প্রলয়ংকারী রূপ ধারণ করছে। সরকার এখন পর্যন্ত কোনো উদ্যোগই গ্রহণ করেনি। করোনা মোকাবিলায় অব্যবস্থাপনার মতো বন্যা মোকাবিলায়ও সরকার উদাসীন ও নির্লিপ্ত। বন্যা উপদ্রুত মানুষগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা না থাকায় তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।’

তিনি বলেন, অস্বাভাবিকভাবে তীব্র ও দীর্ঘস্থায়ী এই বন্যার কবলে প্রায় ২০-২৫টি জেলার বিস্তৃত অঞ্চল পানিতে ডুবে গেছে। দেশের অধিকাংশ নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, এই বন্যা নাকি আরো তিন সপ্তাহ স্থায়ী হবে। যদি তাই হয় তাহলে বাংলদেশের ব্যাপক এলাকা পানিতে ডুবে অতীতের রেকর্ড ভঙ্গ করবে। 

বন্যা কবলিতদের জন্য সরকার কোনো উদ্যোগ নেয়নি অভিযোগ করে রিজভী বলেন, বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এমনকি গবাদি পশু ও শিশু খাদ্যের সংকটও চরম আকার বিরাজমান। অথচ সরকার এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেয়নি।

রিজভী বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা, করোনার টেস্ট জালিয়াতি ও ভয়াবহ বন্যার দুর্যোগ ঢাকার জন্য নানা ইস্যু তৈরি করে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সরকার।’

আরও পড়ুন

×