ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

শহীদ নূর হোসেনের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

শহীদ নূর হোসেনের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
×

রোববার রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন। ছবি: ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৮:০৮ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০৮:১০

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে স্মরণ ও তার স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন। শহীদ নূর হোসেন দিবসে রোববার সকালে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্টে) ফুল দিয়ে শ্রদ্ধা জানান এসব সংগঠনের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ শ্রদ্ধা নিবেদন চলে। খবর বাসসের।

সকাল সাড়ে ৯ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে নেতৃত্বে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় নূর হোসেনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত রয়েছে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ নূর হোসেনের প্রতি আরও শ্রদ্ধা জানায়- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্ট, বিপ্লবী ওয়ার্কার্স পাটি, বাম গণতান্ত্রিক জোট।

এছাড়াও আওয়ামী যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

১৯৮৭ সালের ১০ অক্টোবর তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে রাজধানীর রাজপথে আন্দোলনে শহীদ হন নূর হোসেন। এ সময় তার বুকে-পিঠে লেখা ছিল 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'। এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলন বেগবান হয়। যার পথ ধরে নব্বইয়ে বিদায় নিতে বাধ্য হয় তৎকালীন স্বৈরাচার সরকার। 


আরও পড়ুন

×