ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিএনপির সমাবেশ সোমবার

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিএনপির সমাবেশ সোমবার
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ১০:৩২

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদেল সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে বিএনপি। শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে সিন্ডিকেট জড়িত। এই সিন্ডিকেটের পেছনে সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা কাজ করেছে। শুধু পেঁয়াজই নয়, সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। সরকারের এ ব্যর্থতার নিন্দা জানাচ্ছি। এসব ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন তিনি। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্যের দাবিও এই সমাবেশে থাকবে বলে জানান মির্জা ফখরুল।

এ সময়ে বিএনপি মহাসচিব জানান, বিদ্যুতের গণশুনানিতে যাবে তাদের দল। তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব আবার আসছে। আগামী ২৮ নভেম্বর এ বিষয়ে গণশুনানি আছে। এবার দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে একটি দল এই গণশুনানিতে অংশ নেবে।

তিনি বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের জন্য ২৫ হাজার কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে বাংলাদেশকে এবং যেসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করছে না, তাদের খরচ দিতে হচ্ছে। এতে একটি মেগা দুর্নীতি চলছে।

মির্জা ফখরুল আরও বলেন, দলের গত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য চিঠি দেওয়া হবে। আশা করছি আজকালের মধ্যে প্রধানমন্ত্রীর অফিসে চিঠি পৌঁছানোর ব্যবস্থা করব। চুক্তির বিষয়ে তথ্য সরবরাহের জন্য সংশ্নিষ্ট কর্তৃপক্ষকেও চিঠি দেব। সেটা যথাসময়ে তাদের কাছে পৌঁছাবে।

তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়েছে এবং ১০ হাজার ১৬১ কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে এখন প্রায় ৩০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি। এখন আবার মেগা পাচার। মানি লন্ডারিংয়ের মাধ্যমে পুরো টাকাই পাচার করে বাইরে নেওয়া হচ্ছে। এটা এখন প্রমাণিত।

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে সংসদে ব্যবস্থার দাবি জানানো হয় বৈঠক থেকে।

খালেদা জিয়ার মামলার বিষয়ে তিনি বলেন, রোববার খালেদা জিয়ার জামিন চেয়ে আরেকটা আপিল করা হবে। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। আশা করছি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তার স্বাস্থ্যগত কারণে জামিন দেবেন। প্রত্যাশা করব আদালত থেকে সুবিচার পাব।

এর বাইরে বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি-বিরোধী আন্দোলনে সমর্থন প্রদান, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করা হয় বলে জানা গেছে। স্কাইপে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন বলে জানান মির্জা ফখরুল।

বৈঠকে মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×