ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি

সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ ও হয়রানির অনেক অভিযোগ

সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ  ও হয়রানির অনেক অভিযোগ
×

গণশুনানিতে প্রবাসীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:০০

| প্রিন্ট সংস্করণ

প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং তাদের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে গণশুনানিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা অনলাইনে যুক্ত হয়ে প্রবাসীদের অভিযোগ শোনেন।

গণশুনানিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ১১ জন প্রবাসী সরাসরি অংশ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের মধ্যে ছিল জমিজমা সংক্রান্ত বিরোধ, সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ, পারিবারিক জটিলতা, চাঁদাবাজি এবং মিথ্যা মামলার হয়রানি।
অভিযোগ শোনার পরপরই জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যেসব বিষয়ে তদন্তের প্রয়োজন, সেসব ক্ষেত্রে পুলিশকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গণশুনানিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তারা পরিবার থেকে দূরে থেকে কঠোর পরিশ্রম করে রেমিট্যান্স পাঠান, যা দেশের বৈদেশিক মুদ্রার বড় অংশ জোগান দেয়। তাদের অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কাতারপ্রবাসী রাঙ্গুনিয়ার রানা সুশীল আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের আবেদন জানান। ওমানপ্রবাসী নুর মোহাম্মদ সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন। কাতারপ্রবাসী মোহাম্মদ আনোয়ার নিজ সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ধরেন। সৌদি আরব, দুবাই ও আবুধাবিপ্রবাসী আরও কয়েকজন একই ধরনের অভিযোগ জানান।
গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

আরও পড়ুন

×