চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অনুষ্ঠান
চিকিৎসা শিক্ষায় মানবিকতার সমন্বয় ঘটাতে হবে
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৭:১৬
| প্রিন্ট সংস্করণ
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (দ্বিতীয় ব্যাচ) বিডিএস কোর্সের ওরিয়েন্টেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘চিকিৎসা শিক্ষায় দক্ষতা ও মানবিকতার সমন্বয় ঘটাতে হবে, শিক্ষার্থীদের যোগ্য দন্ত চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে।’
সম্প্রতি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মিলিটারি ডেন্টাল কেয়ার চট্টগ্রামের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সাবরিনা আহমদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এস এম মোরশেদ হোসাইন, ভাইস চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর, কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ এবং সদস্য ডা. মোহাম্মদ সারোয়ার আলম।
প্রধান অতিথি বলেন, ‘অভিভাবকরা তাদের সন্তানদের জন্য একটি প্রতিষ্ঠিত ও আস্থার প্রতিষ্ঠান নির্বাচন করেছেন। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের রয়েছে স্বতন্ত্র সুনাম ও ঐতিহ্য। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ডেন্টিস্ট্রির গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থীদের নৈতিকতা, পেশাদারিত্ব ও সেবার মানসিকতা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।’
এতে স্বাগত বক্তব্য দেন ডেন্টাল ইউনিটের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান। আরও বক্তব্য দেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক এবং পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম। শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক ডা. সাহেদা খানম।
বক্তারা বলেন, ‘দেশের ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ অন্যতম। শিক্ষা ও চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটি একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। এখানে সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রয়েছে। পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক তৈরির লক্ষ্যে কলেজটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
- বিষয় :
- হাসপাতাল
