‘ওরা আসবে’
নাট্যমঞ্চের চতুর্থ প্রযোজনা ‘ওরা আসবে’ নাটকের একটি দৃশ্য সমকাল
সমকাল সংবাদদাতা
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৭:১০
| প্রিন্ট সংস্করণ
মেধা পাচার, গ্রামীণ জীবনের সংকট, অপরিকল্পিত নগরায়ণ এবং সমাজ-রাষ্ট্রের বাস্তব চিত্রকে উপজীব্য করে নির্মিত নাটক ‘ওরা আসবে’। নাট্যমঞ্চের নাটকটি পঞ্চমবার মঞ্চস্থ হলো। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলটি চতুর্থ প্রযোজনা হিসেবে নাটকটি পরিবেশন করে। দর্শকদের উপস্থিতি ও সাড়ায় মিলনায়তন ছিল প্রাণবন্ত।
নাটকটির অন্যতম শক্তিশালী সংলাপ– ‘হোনো মা, আঁই মুখ্খু চাষাভুষা মানুষ। বেশি কিছু জানি না। তয়, এই আশি বছর বয়সে ত আর কম দেইখলাম না! যারা লেখাপড়া শিখি নিজের গেরামেরে ভুইলা যায়, সমাজরে ভুইলা যায়, মা-বাপের কুনো কামে লাগে না, দ্যাশেরও কুনো কামে লাগে না– তাগো লেখাপড়া একসময় তাগোও কুনো কামে লাগবে না...”— দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। সংলাপটি গ্রাম, পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এক শ্রেণির শিক্ষিত মানুষের বাস্তবতাকে তুলে ধরে।
জাহেদুল আলম রচিত ও নির্দেশিত নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল ২০২৪ সালের ১৮ অক্টোবর একই মিলনায়তনে। নাটকে মেধা পাচার, উন্নয়নের নামে বৈষম্য, প্রজারঞ্জক শাসনব্যবস্থা, গ্রামীণ ও নগর জীবনের টানাপোড়েনসহ সমসাময়িক নানা সামাজিক বিষয়কে নাট্যরূপ দেওয়া হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুজিত দাশ বাপ্পী, সুশোভন চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, বাপ্পী হায়দার, মাজহারুল আলম তিতুমির, ইয়াসমিন বেগম, ধীমান দাশ, জুয়েনা আফসানা, জাহেদুল আলম, সায়েম উদ্দীন, মৈত্রী চৌধুরী, মো. গোলাম সাদেক, জুহায়ের আলম রিহাম, সাকিফা মেহেরীন মিশকাত, আদৃতা প্রজ্ঞা ও অবন্তী বিশ্বাস দিঘী। তাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করে।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেন সুবীর মহাজন। পোশাক পরিকল্পনায় ছিলেন মুহাম্মদ শাহ আলম, কোরিওগ্রাফিতে হেমা বড়ুয়া এবং রূপসজ্জা পরিকল্পনায় শাহরিয়ার হান্নান। আলোক প্রক্ষেপণে দায়িত্ব পালন করেন জয়দ্বীপ দাশ ও বড়ুয়া সীমান্ত। আবহ সঙ্গীত ও শব্দ প্রক্ষেপণে ছিলেন সপ্রতিভ দাশ ও জান্নাতুল পিংকি।
নাটকের প্রযোজনা অধিকর্তা ছিলেন নাসরিন সরওয়ার মেঘলা ও ইয়াসমীন জাহান।
প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, সমাজের চলমান বাস্তবতা ও মানুষের জীবনসংগ্রামকে শিল্পের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরাই ‘ওরা আসবে’ নাটকের মূল উদ্দেশ্য। নাটকটি ভবিষ্যতেও নিয়মিত মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।
- বিষয় :
- গল্প
