মুজিববর্ষে কলকাতায় বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন
ছবি: সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১০:৫২
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কলকাতায় উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু ম্যুরালের। এতে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর জীবনের আন্দোলনের নানা কাহিনি।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ওই ম্যুরাল উন্মোচন ও মুজিববর্ষের আয়োজনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও শোভন দেব চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বঙ্গবন্ধুর প্রশংসা করেন বলেন, বঙ্গবন্ধু আর পাঁচটি সাধারণ বাঙালির মতো ছিলেন না। ব্যতিক্রমী মানুষ ছিলেন তিনি।
শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, বাংলা ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আন্দোলন- সবটাই মুজিবের জন্য সম্ভব হয়েছে। তার মতো মহান নেতা না থাকলে এত বড় কর্মকাণ্ড কখনোই সাফল্যমণ্ডিত করা যেত না।
সুব্রত মুখোপাধ্যায় বলেন, আত্মার আত্মীয়ের সঙ্গে মানুষের যেমন সম্পর্ক, তেমনই শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাংলার সম্পর্ক। আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার।
অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশন প্রধান তৌফিক হাসান বলেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে কখনো ভাবাই যায় না।
